পুরুলিয়ায় বালির সংকট মেটাতে বৈঠক, দ্রুত সরকারি ঘাট চালুর আর্জি বিধায়কদের
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঝালদা : বালি নিয়ে কোনো রকম অনিয়ম বরদাস্ত করা হবে না। আবাস যোজনা ও ভিবি-জি রামজি প্রকল্পের উপভোক্তাদের পাশাপাশি সাধারণ মানুষ যাতে সুলভ মূল্যে বালি পান, তা নিশ্চিত করতে হবে। বালির সংকট মেটাতে দ্রুত বন্ধ বালিঘাটগুলি চালু করা এবং নতুন সরকারি বালিঘাট তৈরির বিষয়ে উদ্যোগী হল পুরুলিয়া জেলা প্রশাসন। বুধবার বিকালে ঝালদার মহকুমা শাসকের দপ্তরে আয়োজিত এক প্রশাসনিক বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

Advertisement

দীর্ঘদিন ধরে ঝালদা সহ পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকায় বালির সঙ্কট রয়েছে। বিশেষ করে একাধিক বালিঘাট বন্ধ থাকায় সমস্যায় পড়ছেন বাড়ি তৈরির কাজে যুক্ত সাধারণ মানুষ থেকে আবাস যোজনার উপভোক্তারা। এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়, সরকারি প্রকল্পের উপভোক্তারা যাতে অগ্রাধিকারের ভিত্তিতে বালি পান, তার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের জন্যও সুলভ মূল্যে বালি সরবরাহের বিষয়টি নিশ্চিত করার উপরে জোর দেওয়া হয়। বৈঠকে বালির পূর্ব নির্ধারিত দাম  ১২০০টাকা থাকবে কি না তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোন্থাম, জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ, ঝালদার মহকুমা শাসক, এসডিপিও, বিডিও-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং বালিঘাট মালিকরা। উপস্থিত ছিলেন বাঘমুণ্ডির বিধায়ক রহিদাস মাহাত ও জয়পুরের বিধায়ক বিশ্বজিৎ মাহাত। 
জয়পুরের বিধায়ক বিশ্বজিৎবাবু বলেন, জয়পুর বিধানসভা এলাকায় একটিও বালিঘাট নেই। ফলে সাধারণ মানুষকে বালি পেতে খুবই সমস্যায় পড়তে হচ্ছে। কাহান, আড়ষা ও টিগরা সহ জয়পুর বিধানসভা এলাকার তিনটি জায়গায় সরকারি বালিঘাট তৈরির জন্য প্রশাসনের মাধ্যমে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানোর আর্জি জানিয়েছি। দ্রুত সরকারি অনুমোদন মিললে বালির সঙ্কট অনেকটাই মিটবে। 
বাঘমুণ্ডির বিধায়ক বলেন, এলাকার সুবর্ণরেখা নদীর মারচা বালিঘাট ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। বন্ধ থাকা মাঘা বালিঘাটও যাতে দ্রুত চালু করা যায়, সে বিষয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। ঝালদা-১ ব্লকের একটি নতুন বালিঘাট চালুর পাশাপাশি এলাকার একটিও বালিঘাটও যাতে বন্ধ না থাকে, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রশাসনিক সূত্রের খবর, দ্রুত প্রয়োজনীয় অনুমোদন ও প্রক্রিয়া সম্পন্ন করে বালিঘাটগুলি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। বালির জোগান স্বাভাবিক হলে একদিকে যেমন অবৈধ বালি উত্তোলন নিয়ন্ত্রণ করা সহজ হবে, তেমনই সাধারণ মানুষ বালির সঙ্কট থেকে মুক্তি পাবেন।