Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

গরহাজির মালিকপক্ষ, ভেস্তে গেল রামঝোরা চা বাগান খোলা নিয়ে বৈঠক

গরহাজির মালিকপক্ষ, ভেস্তে গেল রামঝোরা চা বাগান খোলা নিয়ে বৈঠক
  • ৮ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: মালিকপক্ষ না আসায় বুধবার বন্ধ রামঝোরা চা বাগান খোলা নিয়ে শ্রমদপ্তরের ডাকা বৈঠক ভেস্তে গেল। মাদারিহাটের রামঝোরা বাগান খোলা নিয়ে শ্রমদপ্তরের এদিন ছিল সপ্তম বৈঠক। কিন্তু মালিকপক্ষ বার বার বৈঠক এড়িয়ে যাওয়ায় ক্ষুব্ধ চা শ্রমিক সংগঠনগুলি এবার রাজ্য সরকারকে এসওপি প্রয়োগ করে রামঝোরা বাগান খোলার প্রস্তাব দিয়েছে। 

Advertisement

দুর্গাপুজোর বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষের জেরে ২০২৩ সালের অক্টোবর মাসে বন্ধ হয়েছিল রামঝোরা চা বাগানটি। এই বাগানে শ্রমিক সংখ্যা ১১০০-র উপরে। বারবার বৈঠক ভেস্তে যাওয়ায় শ্রমিকরাও হতাশ হয়ে পড়েছেন। এদিন বীরপাড়া সহকারী শ্রমদপ্তরের অফিসে বৈঠকের ডাক দেওয়া হয়। বৈঠক ভেস্তে যাওয়ার পর শ্রমদপ্তরের বীরপাড়া সার্কেলের সহকারী শ্রম কমিশনার অমিত দাস বলেন, মালিকপক্ষ চিঠি দিয়ে জানিয়েছে এদিনের বৈঠকে তারা আসতে পারবে না। চা শ্রমিক সংগঠনগুলি এসওপি লাগু করে রামঝোরা বাগান খোলার দাবি জানিয়েছে। এই দাবির কথা রাজ্যে জানানো হচ্ছে। 
বার বার বৈঠক এড়িয়ে যাওয়ার জন্য শ্রমিক সংগঠনগুলি ক্ষোভ প্রকাশ করেছে। এদিন মালিকপক্ষ গরহাজির হওয়ায় তৃণমূল, বিজেপি ও এসইউসি’র চা শ্রমিক সংগঠন রাজ্য সরকারের কাছে এসওপি লাগু করে রামঝোরা খোলার দাবি তুলেছে। তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নকুল সোনার বলেন, রামঝোরা কর্তৃপক্ষ বার বার বৈঠকে আসছে না। এভাবে বেশিদিন চলতে পারে না। আমাদের দাবি, রাজ্য এবার এসওপি লাগু করে বাগান খোলার ব্যবস্থা করুক। 
বিজেপির বিটিডব্লুইউয়ের সাধারণ সম্পাদক রাজেশ বারলাও শ্রমিক স্বার্থে এসওপি লাগু করার দাবি তুলেছেন। তিনি বলেন, রাজনীতি নয়। আমাদের কাছে শ্রমিক স্বার্থই আগে। তাই রাজ্য সরকার এসওপি লাগু করে রামঝোরা খোলার উদ্যোগ নিলে আমরা তাকে স্বাগত জানাব। সেই জন্যই আমরা এই দাবিকে সমর্থন জানিয়েছি। 
প্রসঙ্গত, গত এক বছরে আলিপুরদুয়ারে রাজ্য সরকার উদ্যোগ নিয়ে এক এক করে ন’টি বন্ধ বাগান খুলে দিয়েছে। জেলায় রামঝোরা নিয়ে বর্তমানে মাত্র তিনটি বাগান বন্ধ রয়েছে। অন্য দু’টি বন্ধ বাগান হল মাদারিহাটের লঙ্কাপাড়া ও কালচিনি ব্লকের দলসিংপাড়া।

Advertisement
সম্পর্কিত সংবাদ