সংবাদদাতা, পুরুলিয়া: শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কুড়মি সমাজের প্রতিনিধিদের নবান্নের বৈঠক ফের বাতিল হল। জানা গিয়েছে, আরও তিনদিন পরে ওই বৈঠক হবে। এনিয়ে পরপর তিনবার মুখ্যমন্ত্রীর সঙ্গে কুড়মি সমাজের প্রতিনিধিদের বৈঠক বাতিল হল।
শুক্রবার নবান্নে কুড়মি সমাজের ১৫জন প্রতিনিধির সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। জাতিসত্ত্বার দাবির পাশাপাশি জঙ্গলমহলের আর্থসামাজিক উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার কথা ছিল। বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও মুখ্যসচিব এবং একাধিক মন্ত্রী ও সচিব উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছিল। কিন্তু ফের বৈঠক বাতিল হল।
আদিবাসী কুড়মি সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি শশাঙ্কশেখর মাহাত বলেন, প্রশাসনের তরফে আচমকা জানানো হয়, ওই বৈঠক ২০ তারিখের পরিবর্তে আগামী ২৩ নভেম্বর হবে। ১৫জনের টিকিট কাটা হয়ে গিয়েছিল। সমস্ত প্রস্তুতিও নেওয়া ছিল। দেখা যাক, ২৩তারিখ মুখ্যমন্ত্রীর সময় হয় কি না! এর আগে ৩০ অক্টোবর এবং ১৭নভেম্বর দিন ঠিক হওয়ার পরেও তা পরিবর্তন করা হয়। কেন বারবার বৈঠক পিছিয়ে যাচ্ছে জানি না।



