Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / হেলথ

বড়জোড়া সুপার স্পেশালিটিতে স্তূপাকারে রাখা মেডিকেল বর্জ্য, অতিষ্ঠ রোগী ও পরিজনরা, সংক্রমণ ছড়ানোর শঙ্কা

বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে ডাঁই করে রাখা হয়েছে মেডিকেল বর্জ্য। হাসপাতালের গেট থেকে ওয়ার্ডে যাওয়ার রাস্তার পাশেই স্তূপাকার অবস্থায় ওই বর্জ্য রয়েছে।

বড়জোড়া সুপার স্পেশালিটিতে স্তূপাকারে রাখা মেডিকেল বর্জ্য, অতিষ্ঠ রোগী ও পরিজনরা, সংক্রমণ ছড়ানোর শঙ্কা
  • ২৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে ডাঁই করে রাখা হয়েছে মেডিকেল বর্জ্য। হাসপাতালের গেট থেকে ওয়ার্ডে যাওয়ার রাস্তার পাশেই স্তূপাকার অবস্থায় ওই বর্জ্য রয়েছে। পাতলা কালো পলিথিনে মোড়া ওই মেডিকেল বর্জ্য থেকে ছড়ানো দুর্গন্ধে হাসপাতাল চত্বরে থাকা রোগী ও পরিজনরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। নাকে রুমাল চাপা দিয়েও রেহাই পাওয়া যাচ্ছে না। কেউ কেউ বর্জ্যের পাশ দিয়ে যাওয়ার সময় বমি করে ফেলছেন। অবিলম্বে ওই সমস্যা সমাধানের দাবিতে রোগীর আত্মীয়রা সরব হয়েছেন। ওই বর্জ্য থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। হাসপাতালের গেট সর্বদা খোলা থাকে। ফলে কুকুর, শুয়োর ঢুকে ওই পাতলা প্লাস্টিকের প্যাকেট ফাটিয়ে বর্জ্য বাইরে বের করে ফেললে তা সর্বত্র ছড়িয়ে পড়বে। মেডিকেল বর্জ্য নিষ্কাশনের মতো স্পর্শকাতর বিষয়ে কেনো হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসন উদাসীন রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement

বেলিয়াতোড়ের বাসিন্দা নির্মল ঘোষ বলেন, বৃহস্পতিবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি এক আত্মীয়কে দেখতে বড়জোড়ায় গিয়েছিলাম। ডাঁই করে রাখা মেডিকেল বর্জ্যের গন্ধে সেখানে বেশিক্ষণ থাকতে পারিনি। দ্রুত রোগীকে দেখে বাইরে বেরিয়ে আসি। 
বড়জোড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায় বলেন, বেশ কিছুদিন ধরে ওই বর্জ্য রাস্তার পাশে স্তূপাকারে রাখা হয়েছে। আমাদের সরকারের আমলে বড়জোড়ার জঙ্গলে একটি নির্দিষ্ট জায়গায় গর্ত খনন করে মেডিকেল বর্জ্য পুঁতে দেওয়া হত। তখন কোনো সমস্যা হত না। এখন মেডিকেল বর্জ্য ফেলার কোনো উদ্যোগ চোখে পড়ছে না। দিনদিন তা জমে গিয়ে প্রচণ্ড সমস্যার সৃষ্টি করেছে। 
হাসপাতালের সুপার বিনীত রঞ্জন বলেন, সপ্তাহখানেক আগে আমি কাজে যোগ দিয়েছি। মেডিকেল বর্জ্য নিয়ে আমরাও সমস্যায় পড়েছি। বড়জোড়ার জঙ্গলে ওই বর্জ্য ফেলতে বনদপ্তর নিষেধ করেছে। বড়জোড়া গ্রাম পঞ্চায়েত এলাকা হওয়ায় কোনো পুরসভাও ওই বর্জ্য নিষ্কাষণে রাজি হচ্ছে না। আবার পুরসভার মতো গ্রাম পঞ্চায়েতের পরিকাঠামো নেই। সমস্যা সমাধানের আর্জি সহ পুরো বিষয়টি লিখিতভাবে বড়জোড়া ব্লক প্রশাসনকে জানানো হয়েছিল। কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বিষয়টি পরে বাঁকুড়া জেলা প্রশাসনকেও জানানো হয়েছে। 
বাঁকুড়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত বলেন, বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের বর্জ্য জমে থাকার বিষয়টি শুনেছি। দ্রুত এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার 
জন্য বিডিওকে নির্দেশ দেওয়া 
হবে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ