Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মদ্যপানে অস্বীকার, হোটেলে মহিলা কর্মীকে ধর্ষণের চেষ্টা

মদ্যপানে অস্বীকার, হোটেলে মহিলা কর্মীকে ধর্ষণের চেষ্টা
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মিটিংয়ে মদ্যপানে অনীহা! তাই মহিলা সহকর্মীর উপর নির্যাতন চালালেন একটি বেসরকারি সংস্থার সেলস ম্যানেজার। অভিযোগ, হোটেলের রুমে ডেকে মহিলা কর্মীকে ধর্ষণের চেষ্টা করা হয়। বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি শহরের একটি হোটেলে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে। শুক্রবার সকালে ঘটনাটি নিয়ে পানিট্যাঙ্কি ফাঁড়িতে অভিযোগ করেন নির্যাতিতা। পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম রবি পাল। 
Advertisement
শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (পূর্ব) রাকেশ সিং বলেন, ওই ঘটনা নিয়ে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। 
শিলিগুড়ি শহরের ইন্দারি গান্ধী ময়দানে একটি প্রদর্শনী হচ্ছে। সেখানে যোগ দিতে হাওড়ার একটি সংস্থার তিন কর্তা এসেছেন। তাঁরা শহরে বিধান রোডে একটি হোটেলে উঠেছেন। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই সংস্থার তিন কর্তার মধ্যে একজন মহিলা। তিনি সংস্থার সেলস এগজিকিউটিভ পদে কর্মরত। ঘটনার রাতে মিটিংয়ের কথা বলে তাঁকে নিজের রুমে ডাকেন সংস্থার সেলস ম্যানেজার। সেখানে ওই মহিলাকে মদ্যপানের অফার করা হয়। তাতে রাজি না হলে তাঁর উপর অকথ্য অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ। 
এদিন সকালে সংস্থার নির্যাতিতা পুলিসের দ্বারস্থ হন। তিনি পুলিসের কাছে অভিযোগ করেন, মদ খেতে রাজি না হলে তাঁর গায়ে হাত দেন ম্যানেজার। জোর করে বিছানায় ফেলে তাঁকে বিবস্ত্র করা হয়। কোনওরকমে তিনি সেখান থেকে বেরিয়ে নিজের রুমে যান বলে জানিয়েছেন। এমনকী, মোটা টাকার অফার দিয়ে অভিযুক্ত ঘটনাটি মেটানোর চেষ্টা করেছিল বলেও অভিযোগ। 
এদিন বিধান রোডের ওই হোটেলে হানা দিয়ে পুলিস অভিযুক্তকে পাকড়াও করে। পাশাপাশি পুলিস ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিস জানিয়েছে, ধৃতের বাড়ি হাওড়ায়। এদিন শিলিগুড়ির এসিজেএম আদালতে তোলা হয়। জামিনের আবেদন খারিজ করে দিয়ে আদালত ধৃতকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
সম্পর্কিত সংবাদ