সংবাদদাতা, পতিরাম: রাত হলেই মদ্যপ চালকদের দাপট বাড়ছে। তাদের রুখতে এবার পথে নামল বালুরঘাট সদর ট্রাফিক। বালুরঘাটের থানা মোড়ে পথচলতি বাইক এবং গাড়ির চালকদের দাঁড় করিয়ে ব্রেথ অ্যানালাইজার মেশিন দিয়ে পরীক্ষা করেছে পুলিস। সোমবার রাতের এই অভিযানে রাস্তাতেই উপস্থিত ছিলেন ট্রাফিকের ডিএসপি বিল্বমঙ্গল সাহা, ট্রাফিকের আইসি অরুণ কুমার তামাং সহ অন্যান্যরা। তবে এদিনের অভিযানে কাউকেই মদ্যপ অবস্থায় পাওয়া যায়নি। এবিষয়ে ডিএসপি বলেন, রাস্তায় যাতে কেউ মদ্যপ অবস্থায় গাড়ি না চালায়, তা রুখতেই এদিনের অভিযান। এই অভিযানের মধ্যদিয়ে মদ্যপ অবস্থায় কেউ যাতে গাড়ি না চালায় তার বার্তা দেওয়া হয়েছে।



