Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাদ্রাসার জমি নিয়ে হলদিবাড়িতে টানাপোড়েন

মাদ্রাসার জমি নিয়ে হলদিবাড়িতে টানাপোড়েন
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হলদিবাড়ি: দীর্ঘ ৩০ বছর ধরে অন্যের দখলে থাকা জমি উদ্ধার করল মাদ্রাসা কমিটি। রবিবার সকালে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের বালাডাঙায়। অশান্তি এড়াতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হলদিবাড়ি থানার বিশাল পুলিস বাহিনী। সকালে ট্র্যাক্টর ও কাস্তে-হাতুড়ি হাতে নিয়ে প্রচুর মানুষ মাদ্রাসার জমি উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালাডাঙা একরামিয়া এরশাদ মহবুবিয়া জুনিয়র হাই মাদ্রাসার ১৩ বিঘা চাষের জমি রয়েছে। সেই জমি ৩০ বছর আগে স্থানীয় কয়েকজন কৃষককে লিজে দেওয়া হয়েছিল। সেই সময় লিজের শর্ত অনুযায়ী প্রতিবছর কৃষকদের মাদ্রাসা কমিটিকে বিঘা প্রতি ৯০০ টাকা প্রদান করার চুক্তি হয়েছিল। 
Advertisement
বালাডাঙা একরামিয়া এরশাদ মহবুবিয়া জুনিয়র হাই মাদ্রাসা কমিটির পক্ষে হাসেন আলির অভিযোগ, দীর্ঘ ২০ বছর ধরে ওই কৃষকরা শর্ত অনুযায়ী লিজের টাকা দিচ্ছেন না। তাই কমিটির তরফে সিদ্ধান্ত নিয়ে সাড়ে ১১ বিঘা জমি দখল নেওয়া হয়। জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করে সরিষার বীজ ছড়িয়ে দেওয়া হয়েছে। যদিও সংশ্লিষ্ট চাষিদের মধ্যে মইনুল হক, গিয়াসউদ্দিন সরকার মাদ্রাসা কমিটির অভিযোগ অস্বীকার করে জানান, তাঁরা নিয়মিত শর্ত অনুযায়ী জমির লিজের টাকা দিয়ে আসছেন। কিছু বকেয়া থাকলেও পরে মিটিয়ে দেওয়া হতো। কিন্তু এদিন জোর করে ওই কমিটি লোকজন এনে জমি দখল করেছে। পুলিস জানিয়েছে, জমি নিয়ে অস্থিরতার পরিবেশ তৈরি হচ্ছিল। তবে শেষপর্যন্ত কোনও অশান্তি হয়নি।
সম্পর্কিত সংবাদ