Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাদারিহাটে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে জিটিএ চিফ অনীত

মাদারিহাটে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে জিটিএ চিফ অনীত
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মাদারিহাট-বীরপাড়া বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পোর হয়ে প্রচারে নামলেন জিটিএ’র চিফ এগজিকিউটিভ অনীত থাপা। বুধবার তিনি শিলিগুড়ি হয়ে মাদারিহাটে যান। তিনি ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার (বিজিপিএমের) চিফ। রাজনীতির ময়দানে তৃণমূলের বন্ধু দল হিসেবে পরিচিত বিজিপিএম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পর এদিন তিনি সেই কেন্দ্রের প্রচারে যান। সংশ্লিষ্ট কেন্দ্র চা বাগান অধ্যুষিত। সেখানে গোর্খা সহ পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর লোকেরা বসবাস করেন। কাজেই সংশ্লিষ্ট কেন্দ্রের প্রচারে অনীতের শামিল হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
Advertisement
বিজিপিএমের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা বলেন, মাদারিহাটে ঘাঁটি গাড়ছে দলের চিফ অনীত। তিনি পাঁচদিন ধরে তৃণমূল প্রার্থীর হয়ে ভোট প্রচার করবেন। তবে, শীঘ্রই পাহাড়ে আসবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠক ও সরস মেলার উদ্বোধন করবেন। এ ব্যাপারে জিটিএ’র চিফের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথাও হয়েছে।
এদিকে, পাহাড়ে বিভিন্ন দল ভাঙিয়ে নতুনভাবে দল গড়ছে হামরো পার্টির চিফ অজয় এডওয়ার্ড। বিষয়টি পাত্তা দিতে নারাজ বিজিপিএম। দলের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র বলেন, দলীয় কোন্দলে জেরবার অজয়। তা তিনি সামাল দিতে পারছেন না। তাই হাওয়া গরমের উদ্দেশে তিনি এসব বলছেন।  
সম্পর্কিত সংবাদ