Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাদারিহাট থানার চাইল্ড ইউনিটের শৌচাগারে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

মাদারিহাট থানার চাইল্ড ইউনিটের শৌচাগারে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: বুধবার সকালে মাদারিহাট থানার চাইল্ড ইউনিটের শৌচাগারে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিস জানিয়েছে, গলায় মাফলার দিয়ে পেঁচানো অবস্থায় যুবকের দেহ ঝুলে ছিল। মৃত যুবকের নাম রাহুল রায় (২৪)। বাড়ি জলপাইগুড়ি জেলার গজলডোবার চেউলিবাড়ি গ্রামে। 
Advertisement
থানার চাইল্ড ইউনিটের শৌচাগারে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় রহস্য দানা বেঁধেছে। সেই রহস্য উদ্ধারে নেমেছে জেলা পুলিস বিভাগ। এদিন ওই যুবকের দেহ উদ্ধারের পর এলাকায় রটে যায় যে মাদারিহাট থানার চাইল্ড ইউনিটে এক বৃহন্নলা আত্মঘাতী হয়েছেন। এ খবর রটতেই মাদারিহাট থানার সামনে বেশ কয়েকজন বৃহন্নলা জড়ো হন। কিন্তু ঘটনা তা না হওয়ায় বৃহন্নলারা থানা থেকে চলে যান। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত শনিবার মাদারিহাট ব্লকের শিশুবাড়ি গ্রামের এক যুবক আচমকা নিখোঁজ হয়ে যান। ওই যুবক প্রেসিডেন্সি কলেজের দর্শন বিভাগের ছাত্র। শনিবার নিখোঁজের দিনই ওই যুবকের কাঞ্চনকন্যা এক্সপ্রেসে কলকাতায় যাওয়ার কথা ছিল। যুবক নিখোঁজ হওয়ার পরেই তাঁর পরিবারের পক্ষ থেকে মাদারিহাট থানায় মিসিং ডায়েরি করা হয়। পুলিস তদন্তে নেমে মঙ্গলবার জলপাইগুড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য চার যুবককে ধরে আনে। চার যুবকের মধ্যে রাহুল রায়ও ছিল। 
ওই যুবকদের জিজ্ঞাসাবাদ করতে করতে মঙ্গলবার রাত গড়িয়ে যায়। টানা জিজ্ঞাসাবাদের পর চার যুবককে পুলিস ছেড়েও দেয়। কিন্তু রাত হয়ে যাওয়ায় ওই যুবকদের বাড়ি ফেরার উপায় ছিল না। তখন চার যুবকের অনুরোধে পুলিস তাদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করে এবং থানার পিছনের দিকে চাইল্ড ইউনিটের ঘরে থাকতে দেয়। বুধবার সকালেই জলপাইগুড়ির ওই যুবকদের বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। 
কিন্তু বুধবার সাতসকালে এক সিভিক ভলান্টিয়ার চাইল্ড ইউনিটের ঘরে গিয়ে দেখেন এক যুবক নেই। পরে শৌচাগারে রাহুল রায় নামের ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যে এ খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। এদিকে, তদন্তে নেমে শিশুবাড়ির নিখোঁজ যুবককে বুধবার মেটেলি থেকে উদ্ধার করে আনে পুলিস। 
আলিপুরদুয়ারের পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, নিখোঁজ যুবকের তদন্তের সূত্র ধরেই মঙ্গলবার জলপাইগুড়ির চার যুবককে ধরে আনা হয়েছিল। তাদের গ্রেপ্তার করা হয়নি। আমরা জানতে পেরেছি নিখোঁ‌জ যুবকের সঙ্গে জলপাইগুড়ির ওই যুবকদের ওঠা-বসা ছিল। মঙ্গলবার রাতে চার যুবককে থানার চাইল্ড ইউনিটে থাকতে দেওয়া হয়েছিল। তারমধ্যে এক যুবক সেখানকার শৌচাগারে আত্মঘাতী হয়েছে। ঘটনার তদন্ত চলছে।  
সম্পর্কিত সংবাদ