Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাদারিহাটে পিছিয়ে থাকা এলাকায় ভোট বৃদ্ধির নির্দেশ তৃণমূল নেতৃত্বের

মাদারিহাটে পিছিয়ে থাকা এলাকায় ভোট বৃদ্ধির নির্দেশ তৃণমূল নেতৃত্বের
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: গত বিধানসভায় আলিপুরদুয়ার জেলায় খাতাই খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনেও জয়ী হয় বিজেপি। তাই মাদারিহাট উপনির্বাচন এখন তৃণমূলের কাছে মুখ রক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত নির্বাচনগুলিতে পিছিয়ে পড়া অঞ্চলগুলিকে চিহ্নিত করে সেখানেই প্রচারে জোর দিয়েছে রাজ্যের শাসকদল। সেই অঞ্চলগুলিতে উপনির্বাচনে ভোট বাড়াতে কড়া নির্দেশ দিয়েছে দল। উপনির্বাচনে ভোট বৃদ্ধি না হলে সেই অঞ্চলের দলীয় পদাধিকারীদের পদেও কোপ পড়তে পারে দলের অন্দরে কানাঘুষো শুরু হয়েছে। 
Advertisement
মাদারিহাট বিধানসভায় ১২টি অঞ্চল রয়েছে। লোকসভা ভোটে তৃণমূল ও বিজেপি ছ’য়টি করে অঞ্চলে লিড পেয়েছিল। তৃণমূল লিড পেয়েছিল বান্দাপানি, রাঙালিবাজনা, খয়েরবাড়ি, টোটোপাড়া-বল্লালগুড়ি, হান্টাপাড়া এবং লংকাপাড়ায়। বিজেপি লিড পায় বীরপাড়া-১,২, শিশুঝুমড়া, বিন্নাগুড়ি, সাঁকোয়াঝোরা-১ ও মাদারিহাট অঞ্চলে। উপনির্বাচনে লোকসভা ভোটে পিছিয়ে থাকা অঞ্চলগুলিতে ভোট বাড়াতে কড়া নির্দেশ দিয়েছে তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, একুশের ভোটে জেলায় খারাপ ফল হয়েছিল। এবার উপ নির্বাচনেও জিততে না পারলে দলের শীর্ষ নেতৃত্বের কড়া প্রশ্নের মুখে পড়বেন জেলা নেতারা। তাই লোকসভা ভোটে পিছিয়ে পড়ার পাশাপাশি লিড পাওয়া অঞ্চলগুলিতে ভোট বাড়াতে কড়া নির্দেশ দিয়েছে দল। এমনকি, উপনির্বাচনেও ভোট বাড়াতে না পদ খোয়াতে হতে পারে সংশ্লিষ্ট অঞ্চল নেতাদের। লোকসভা ভোটে পিছিয়ে পড়া অঞ্চলের এক নেতা বলেন, দলীয় নেতৃত্বের তরফে এমনই বার্তা দেওয়া হয়েছে।
যদিও এই ব্যাপারে তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক বলেন, ভোট বাড়াতে না পারলে অঞ্চল নেতৃত্বের পদ চলে যাবে, দল থেকে এমন বার্তা দেওয়া হয়নি। তবে লোকসভা ভোটে পিছিয়ে পড়া অঞ্চলগুলিতে ভোট বাড়ানোর দিকেই পাখির চোখ করেছি আমরা। সেই জন্য পিছিয়ে পড়া অঞ্চল নেতৃত্বকে উপনির্বাচনে ভোট বাড়াতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। একুশের ভোটে খাতা খুলতে না পারার জন্য এই উপনির্বাচন তৃণমূলের কাছে কার্যত অ্যাসিড টেস্ট। সেই টেস্টে উত্তীর্ণ হতেই তৃণমূল নেতাদের এমন কড়া নির্দেশ বলে মনে করা হচ্ছে।     
সম্পর্কিত সংবাদ