Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাদারিহাটে মাটি কামড়ে প্রচারে ফালাকাটার তৃণমূল কং নেতারা

মাদারিহাটে মাটি কামড়ে প্রচারে ফালাকাটার তৃণমূল কং নেতারা
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ফালাকাটা: পরপর দুবার হারের পর এবার মাদারিহাটে জয় পেতে যেন মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। সেজন্য আদাজল খেয়ে নেমেছেন দলের সমস্ত কর্মীরা। পিছিয়ে নেই প্রতিবেশী বিধানসভা এলাকার নেতারাও। বাড়তি দায়িত্ব নিয়ে শেষ মুহূর্তে প্রচারে ঝাপিয়েছেন ফালাকাটা টাউন ও গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। ফালাকাটা মডেলেই মাদারিহাট জয় নিয়ে আশাবাদী তৃণমূল।
Advertisement
ফালাকাটা পুরভোট এবং গত পঞ্চায়েত ভোটে বিজেপি মাথা তুলে দাঁড়াতে পারেনি। ফলে বিরোধীশূন্য পুরবোর্ড গঠন করে তৃণমূল। এই জয়ের পিছনে ফালাকাটা তৃণমূল নেতৃত্ব কী কী স্ট্র্যাটেজি নিয়েছিলেন, তা শুনতে চাইছেন মাদারিহাটের কর্মীরা। ফলে মাদারিহাট বিধানসভা উপ নির্বাচনে ফালাকাটা নেতৃত্বকে বাড়তি দায়িত্ব দিয়েছেন খোঁদ জেলা সভাপতি প্রকাশচিক বরাইক।  ফালাকাটা শহরে টাউন ব্লক সভাপতি শুভব্রত দে থেকে শুরু করে মহিলা, শিক্ষক সংগঠন সহ ব্লকের গ্রামীণ নেতৃত্ব প্রচার শুরু করেছেন। তৃণমূলের ফালাকাটা টাউন ব্লক সভাপতি বলেন, জেলা সভাপতির নির্দেশে আমরা ফালাকাটা পুরভোটে একেবারে ঘরে ঘরে গিয়ে প্রচার করেছিলাম। এর জন্য বিশেষ কিছু পন্থা আমরা অবলম্বন করেছি। সেই স্ট্র্যাটেজি নিয়েই এবার মাদারিহাট উপ নির্বাচনের প্রচারেও ঝাপিয়েছি। মাদারিহাটের মানুষ ফালাকাটার মতো আমাদের ভরসা করবেন। এখানে বিজেপির বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে। প্রচারে আমরা সেটাও হাতিয়ার করছি।
অপরদিকে, মাদারিহাটে গিয়ে ফালাকাটার তৃণমূল নেতাদের এমন প্রচারকে অবশ্য কটাক্ষ করেছেন বিজেপি জেলা সভাপতি তথা সাংসদ মনোজ টিগ্গা। তাঁর কথায়, ফালাকাটা কেন, কলকাতা থেকেও নেতারা আসছেন। তৃণমূল মাদারিহাটে সুবিধা করতে পারবে না। মানুষ আমাদের ঢেলে ভোট দেবার জন্য অপেক্ষা করে আছেন। গত দুই টার্মে আমি বিধায়ক হিসেবে উন্নয়ন করেছি। গোটা জেলার মানুষ লোকসভায় বিজেপিকে ঢেলে ভোট দিয়েছেন। এবারও সেটাই হবে।
সম্পর্কিত সংবাদ