নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০২৩-২৪ আর্থিক বছরে বাজেট বরাদ্দের পরিমাণ প্রথমে ছিল প্রায় চার হাজার কোটি টাকা। পরে সংশোধিত বাজেট বরাদ্দ দাঁড়ায় ২ হাজার ৪০০ কোটি টাকা। অর্থাৎ, এক লাফে বাজেট বরাদ্দ কমানো হয়েছে প্রায় ৪০ শতাংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের নমামি গঙ্গে কর্মসূচিতে বরাদ্দকৃত অর্থে এহেন কাটছাঁটে রীতিমতো বিস্মিত জলসম্পদ সংক্রান্ত স্থায়ী কমিটি। সংসদীয় কমিটি তার রিপোর্টে উল্লেখ করেছে যে, নমামি গঙ্গে প্রকল্প বাস্তবায়নের কাজে অযথা দেরি করা হচ্ছে। প্রকল্প রূপায়িত হওয়ার নির্ধারিত সময়সীমা মানা যাচ্ছে না। নমামি গঙ্গের আওতায় থাকা ২০১টি নিকাশি পরিকাঠামোগত প্রকল্পের মধ্যে মাত্র ১১৬টির কাজ শেষ হয়েছে। এই ব্যাপারে কেন্দ্রের মোদি সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে ওই সংসদীয় কমিটি।
Advertisement
ঘটনাচক্রে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির শীর্ষে রয়েছেন রাজীবপ্রতাপ রুডি। তিনি বিজেপি সাংসদ! সম্প্রতি সংসদে এ সংক্রান্ত রিপোর্ট পেশ করা হয়েছে। রিপোর্টে সংসদীয় কমিটি জানিয়েছে, গঙ্গা এবং তার বিভিন্ন শাখা ও উপনদীগুলোর পুনরুজ্জীবনের লক্ষ্যে ২০১৪-১৫ অর্থবর্ষে নমামি গঙ্গে প্রকল্প হাতে নেয় কেন্দ্রীয় সরকার। প্রথম দফায় ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত পাঁচ বছরের কর্মসূচি শুরু করে কেন্দ্র। পরবর্তী ক্ষেত্রে এর মেয়াদ আরও পাঁচ বছর বৃদ্ধি করা হয়। অর্থাৎ, বর্তমানে নমামি গঙ্গে কর্মসূচির বর্ধিত মেয়াদ ২০২৬ সালের মে মাস পর্যন্ত। আর এই প্রেক্ষিতেই ২০২৩-২৪ আর্থিক বছরে যেভাবে বাজেট বরাদ্দের তুলনায় এই কর্মসূচির সংশোধিত বাজেটের পরিমাণ প্রায় অর্ধেক কমিয়ে দেওয়া হয়েছে, তাতে বিস্ময় প্রকাশ করেছে সংসদীয় কমিটি।
যদিও এক্ষেত্রে জলশক্তি মন্ত্রকের অধীনস্ত জলসম্পদ, নদী উন্নয়ন এবং গঙ্গা পুনরুজ্জীবন দপ্তরের জবাবি তথ্যও রিপোর্টে উল্লেখ করেছে কমিটি। এই ইস্যুতে কেন্দ্র ব্যাখ্যা দিয়েছে যে, বাজেট বরাদ্দের সময় নমামি গঙ্গের আওতায় থাকা একাধিক প্রকল্প দরপত্র আহ্বানের বিভিন্ন পর্যায়ে ছিল। ফলে সেইসময় মনে করা হয়েছিল, সেগুলির বাস্তবায়নে ওই অর্থ ব্যবহারের প্রয়োজন হবে। কিন্তু পরবর্তী কালে নানা কারণে সব প্রকল্পের কাজ শুরু করা যায়নি। ফলে স্বাভাবিক নিয়মেই সংশোধিত বাজেটে বরাদ্দকৃত অর্থের পরিমাণ কমানো হয়।