Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেদিনীপুর-খড়্গপুর শহরের রাস্তা ও নিকাশি উন্নয়নে বরাদ্দ সাড়ে ৫ কোটি

মেদিনীপুর-খড়্গপুর শহরের রাস্তা ও নিকাশি উন্নয়নে বরাদ্দ সাড়ে ৫ কোটি
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: মেদিনীপুর ও খড়্গপুর শহরের রাস্তা ও নিকাশির উন্নয়নে উদ্যোগী ‘মেদিনীপুর খড়্গপুর ডেভেলপমেন্ট অথারিটি’ (এমকেডিএ)। সংস্থার চেয়ারম্যান তথা বিধায়ক দীনেন রায় বলেন, এই দুই শহরের উন্নয়নের জন্য প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ হয়েছে। দ্রুত কাজ শুরু হবে। তিনি বলেন, গত আর্থিক বছরেও দুই শহরের উন্নয়নের জন্য টাকা বরাদ্দ হয়েছিল। অনেক কাজ শেষ হয়ে গিয়েছে। কিছু কাজ এখনও চলছে। 
Advertisement
সংস্থার এক আধিকারিক বলেন, মেদিনীপুর শহরে তিনটি কাজের জন্য প্রায় ৩ কোটি ৪০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। খড়্গপুর শহরে দু’টি কাজের জন্য দেওয়া হয়েছে প্রায় ১ কোটি ৯৩ লক্ষ টাকা। এই টাকায় পাকা রাস্তা, ঢালাই রাস্তা, নর্দমা, পুকুরের পাড় বাঁধানোর জন্য টেন্ডার করা হয়ে গিয়েছে। দ্রুত বরাত দেওয়া হবে। 
মেদিনীপুর শহরের সিপাইবাজার চক থেকে খাপ্রেলবাজার গোয়ালাপাড়া, লালবাহাদুর শাস্ত্রী মোড়, রাজাবাজার হয়ে পঞ্চুরচক পর্যন্ত রাস্তার হাল খুবই খারাপ। এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে পথ চলতে দুর্ভোগে পড়তে হয় বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার না হওয়ায় বেশিরভাগ অংশই ভেঙে গিয়েছে। রাস্তায় বড় বড় গর্ত হয়ে গিয়েছে। একাধিক স্কুল ও কলেজের পড়ুয়ারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা এই রাস্তা দিয়ে সব্জি বাজার যায়। এই রাস্তা সংস্কারের জন্য এমকেডিএ প্রায় এক কোটি টাকা বরাদ্দ করেছে। এছাড়াও শহরের নজরগঞ্জ এলাকায় আমতলাঘাট যাওয়ার রাস্তা সংস্কারের জন্য প্রায় এক কোটি টাকা বরাদ্দ হয়েছে। বেড়বল্লভপুর ও মানিকপুর এলাকায় রাস্তা ও নর্দমার জন্য বরাদ্দ হয়েছে প্রায় এক কোটি টাকা। জজ কোর্ট নরমপুর মৌজায় রাস্তা ও নর্দমার জন্য ৪১ লক্ষ ৩০ হাজার টাকা বরাদ্দ হয়েছে। 
খড়্গপুর শহরের ২৮ নম্বর ওয়ার্ডে নর্দমা তৈরির জন্য এক কোটি টাকা বরাদ্দ হয়েছে। বর্ষকালে একটু বৃষ্টি হলেই এই এলাকায় রাস্তা দিয়ে জল বয়ে যায়। এখানে ঢালাই নর্দমা তৈরি করতে বলা হয়েছে। এই  শহরেরই ২৪ নম্বর ওয়ার্ডে ঢালাই রাস্তা ও পুকুরের গার্ড ওয়াল নির্মাণ করা হবে। তার জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৯৩ লক্ষ টাকা। দীনেনবাবু বলেন, এছাড়াও মেদিনীপুর সদর ও খড়্গপুর ১ ব্লকের উন্নয়নমূলক কাজের জন্য প্রায় ৯ কোটি টাকা বরাদ্দ হয়েছে। 
সম্পর্কিত সংবাদ