Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেদিনীপুরে শিশু খুনে পলাতক মূল অভিযুক্ত গ্রেপ্তার

মেদিনীপুরে শিশু খুনে পলাতক মূল অভিযুক্ত গ্রেপ্তার
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: আট বছরের শিশুকে খুন করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। সেই ঘটনার দেড় বছর পর মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল কোতোয়ালি থানার পুলিস। ধৃত ব্যক্তির নাম বকুল গায়েন। তার বাড়ি কোতোয়ালি থানা এলাকায়। শুক্রবার বিকেলে চন্দ্রকোণা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিস। এই শিশুখুনের ঘটনায় সেই সময় শোরগোল পড়ে গিয়েছিল। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ২০২৩ সালের ২৯ জুলাই। গত ২৬ জুলাই বিকেলে আচমকা নিখোঁজ হয়ে যায় মেদিনীপুর সদর ব্লকের বেনারডিহি গ্রামের শিশু সাইফুল ইসলাম(৮)। বিভিন্ন এলাকায় খোঁজাখুজি করেও শিশুটিকে পাওয়া যায়নি। পরিবারের তরফে মেদিনীপুর কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর গত ২৯ জুলাই কাঁসাই নদী সংলগ্ন একটি মাঠে গর্ত খুঁড়ে উদ্ধার হয় ওই শিশুর দেহ। মৃতদেহের বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন থাকায় সন্দেহ জাগে বাসিন্দাদের মনে। শিশুটিকে খুন করা হয়েছে জানায় পরিবারের সদস্যরা। একইসঙ্গে খুনির শাস্তির দাবিতে দফায় দফায় গ্রামে বিক্ষোভ দেখায় বাসিন্দারা। গ্রামে অগ্নি সংযোগের ঘটনাও ঘটে। সেই সময়ে খুনে জড়িত সন্দেহে গ্রামবাসীরা আটক করে মৃতের সৎদাদা আনি মণ্ডলকে। পরে তাকে গ্রেপ্তার করে পুলিস। 
পুলিস জানতে পারে, সৎদাদাই এই খুন করিয়েছিল। আর খুন করেছিল বকুল গায়েন। এই ঘটনার পর থেকে বকুল ফেরার ছিল। গোপন সূত্রে পুলিস খবর পায়, চন্দ্রকোণা রোড এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আছে বকুল। এদিন চন্দ্রকোণ রোড বিট হাউসের পুলিস একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করে। এরপর কোতোয়ালি থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়। পুলিস জানিয়েছে, আজ শনিবার তাকে মেদিনীপুর আদালতে তোলা হবে।
সম্পর্কিত সংবাদ