Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেদিনীপুর শহরের তিন কিমি রাস্তা বেহাল, সংস্কারের উদ্যোগ নেই

মেদিনীপুর শহরের তিন কিমি রাস্তা বেহাল, সংস্কারের উদ্যোগ নেই
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: মেদিনীপুর শহরের তোড়াপাড়া থেকে নতুনবাজার পর্যন্ত দীর্ঘ প্রায় তিন কিলোমিটার রাস্তার বেশ কিছু অংশ চলাচলের অযোগ্য হয়ে গিয়েছে। এই রাস্তাটি ১, ৮, ৯, ১০, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডের ওপর দিয়ে গিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে শহরের একটা বড় অংশের বাসিন্দা স্কুল, কলেজ, অফিস, আদালত, হাসপাতাল, দোকান, বাজারে যাতায়াত করেন। তাঁরা বলেন, এই ভাঙাচোরা রাস্তা দিয়ে চলাফেরা করা খুবই সমস্যার। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন রাস্তাটির সংস্কার হয়নি। কবে হবে তাও পুরসভাও বলতে পারছে না। রাস্তার অনেক জায়গা যে ভেঙে গিয়েছে, তা স্বীকার করে নিয়েছেন পুরসভার পূর্ত বিভাগের সিআইসি সৌরভ বসু। তিনি বলেন, রাজ্যকে প্রকল্প তৈরি করে পাঠানো হয়েছে। টাকা এলেই সংস্কার শুরু হবে। 
Advertisement
এই রাস্তাটি তোড়াপাড়া থেকে শুরু করে কালীতেলির চক, ভানিপুকুর চক, কর্নেলগোলা চক, মিরবাজার চক, মল্লিকচক, মানিকপুর, বল্লভপুর হয়ে নতুনবাজারে গিয়ে মিশিছে। এই দীর্ঘ রাস্তার বুকে বহু জায়গায় বড় বড় গর্ত হয়ে গিয়েছে। গর্তে রাস্তার ধারের কলের জল জমে থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে বাসিন্দাদের। বহু জায়গায় রাস্তার পিচ উঠে গিয়ে পাথর বেরিয়ে গিয়েছে। রাস্তার ধার ভেঙে পরিসর ছোট হয়ে গিয়েছে। কলের পাইপ নিয়ে যাওয়ার জন্য বহু জায়গায় রাস্তা কাটা হয়েছে। অভিযোগ, তা ঠিকমতো না বোজানোয় যাতায়াতে সমস্যা হচ্ছে বাসিন্দাদের। কোথাও আবার ভ্যাটের আবর্জনা উপচে রাস্তায় ছড়িয়ে পড়েছে। শুধু যে হেঁটে যেতে সমস্যা হচ্ছে তা নয়, সাইকেল, বাইক চালিয়ে যেতেও অসুবিধে হচ্ছে। 
বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরেই এই সমস্যা চলছে। কিন্তু সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না। স্থানীয় বাসিন্দা রহমত আলি বলেন, রাস্তার  কিছু অংশ যেমন ভালো তেমনই আবার বেশ কিছু অংশ খুবই খারাপ। দীর্ঘ সংস্কারের  অভাবে আরও নষ্ট হয়ে যাচ্ছে। আর এক বাসিন্দা শ্যামল সেন বলেন, এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সংস্কারের উদ্যোগই নেওয়া হচ্ছে না। পথ চলা দায় হয়ে উঠেছে। পুরসভার দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া উচিত।
সম্পর্কিত সংবাদ