নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: কনকনে ঠান্ডা। বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ মেদিনীপুরের বাসিন্দাদের অনেকেই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। আচমকা ঘুম ছুটে যায় শহরের মহতাবপুরের বাসিন্দাদের। বেরিয়ে দেখেন, রাতের অন্ধকারে ঠান্ডা উপেক্ষা করে পুরসভার বিশাল জলের ট্যাঙ্কে উঠে পড়েছে এক মদ্যপ যুবক। তারপর ঠিক শোলে সিনেমায় ধর্মেন্দ্রর মতো প্রেমিকাকে ভালোবাসার কথা জানাতে শুরু করে সে। পুলিস, দমকল আধিকারিকরা এলেও তাঁদের কথা শুনতে চায়নি ওই যুবক। অগত্যা ওই যুবকের প্রেমিকাকে নিয়ে আসা হয়। প্রেয়সীর অনুরোধ শুনেই অবশেষে নেমে আসে ওই যুবক। মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, শহরের বুকে এমন ঘটনা আগে কোনওদিন দেখিনি। গভীর রাতে আচমকা আমার কাছে ফোন আসে। এরপর পুরো ঘটনা জানতে পারি। পুলিস ও দমকলবাহিনী গিয়েছিল। এরকম কাজ করা একদম ঠিক নয়। যে কোনও সময় বড় বিপদ হতে পারত। আসলে যুবক-যুবতীরা বাড়ির লোকেদের ভয় দেখাতে এমন ঘটনা ঘটিয়ে থাকে। আগামী দিনে এমন হলে কড়া পদক্ষেপ করা হবে।
Advertisement
ওই যুবক মেদিনীপুর শহরেরই বাসিন্দা। তিনি বেশ কয়েকমাস ধরে এক যুবতীকে ভালোবাসতেন। কোনও কারণে প্রেমিকার সঙ্গে ঝগড়া হয়। এরপরই ওই যুবক নেশাগ্রস্ত অবস্থায় জলের ট্যাঙ্কে ওঠার পরিকল্পনা করে। শীতের রাতে অন্ধকারে সবার চোখ এড়িয়ে ধীরে ধীরে জলের ট্যাঙ্কে উঠে পড়ে সে। তখন ঘড়িতে বাজে রাত ১২টা। ট্যাঙ্কে উঠে মদ্যপ অবস্থায় প্রেমিকাকে ভালোবাসার কথা জানাতে শুরু করে যুবক। তা দেখতে পেয়েই স্থানীয়রা কোতোয়ালি থানায় খবর দেন। থানার বিশাল পুলিসবাহিনী ও দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। বারবার ওই যুবককে নেমে আসার জন্য অনুরোধ করা হয়। কিন্তু সে পুলিস ও দমকল আধিকারিকদের কোনও কথাই শুনতে চায়নি। ততক্ষণে এলাকায় ভিড় জমে গিয়েছে। খবর পেয়ে যুবকের প্রেমিকা ঘটনাস্থলে পৌঁছন। তিনি বহুবার প্রেমিককে নেমে আসার আবেদন জানায়। অবশেষে প্রেমিকার ডাকে সাড়া দিয়ে ওই যুবক ধীরে ধীরে ট্যাঙ্ক থেকে নেমে আসে। এই ঘটনা দেখে হাসি থামিয়ে রাখতে পারেননি পথচারীরা।
এক পুলিস আধিকারিক বলেন, আমরা জানতে পেরেছি, প্রেমিকাকে ভয় দেখাতেই ওই যুবক এমন ঘটনা ঘটিয়েছে। প্রেমিকাকে ডেকে এনে বিপদ এড়ানো গিয়েছে। এধরনের ভুল যাতে কেউ না করে, সেই বার্তা দেওয়া হচ্ছে।
ঘটনার সাক্ষী ছিলেন শহরের বাসিন্দা বিকাশ যাদব। তিনি বলেন, শোলে সিনামার দৃশ্যটা মনে পড়ছিল। এত রাতে কেউ এমন করবে-সেটা ভাবতেও পারিনি। কী জানি হয়তো শোলে সিনেমা দেখেই এমন কাণ্ড ঘটিয়েছে। হাসি থামাতে পারছি না। অনেকদিন অবধি এই ঘটনার কথা মনে থাকবে।