নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মেদিনীপুর পুরসভার স্বাস্থ্যকেন্দ্র থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগে বেশ আলোড়ন পড়েছিল। সোমবার সেই ঘটনায় একজন মেডিক্যাল অফিসার সহ পাঁচজনকে শো-কজ করল পুরসভা। একইসঙ্গে তিনদিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, গাফিলতির জেরেই এমন ঘটনা ঘটেছে। পাঁচজনকে শোকজ করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর শহরের অলিগঞ্জের বাসিন্দা চণ্ডীপ্রসাদ দত্ত। তিনি প্রায় ১০ বছর ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। সম্প্রতি তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন মেদিনীপুর পুরসভার হেল্থ সেন্টারে। তিনি চিকিৎসকের পরামর্শ মতন ওষুধ নিয়ে বাড়ি ফিরে যান। পরে পরিবারের সদস্যরা লক্ষ্য করেন প্রতিটি ওষুধ মেয়াদ উত্তীর্ণ। ক্ষোভে ফেটে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। একইসঙ্গে প্রশ্ন উঠতে শুরু করে ওষুধের গুণমান নিয়ে। এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসে পুরসভা। একইসঙ্গে তদন্ত কমিটি তৈরি হয়। এদিন মেদিনীপুর শহরের বাসিন্দা সুদীপ হাজরা বলেন, পুরসভার এবিষয়ে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। নাহলে বড় ঘটনাও ঘটে যেতে পারে। দোষীদের কড়া শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি।



