Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেদিনীপুর মেডিক্যালে সিরিঞ্জ ও জীবনদায়ী ওষুধের সঙ্কট, ক্ষোভ

মেদিনীপুর মেডিক্যালে সিরিঞ্জ ও জীবনদায়ী ওষুধের সঙ্কট, ক্ষোভ
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সঙ্কট দেখা দিয়েছে। এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়েছে। জুনিয়র চিকিৎসকরা এনিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। অভিযোগ, মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ এমএলের সিরিঞ্জ থাকলেও ৫ ও ১০ এমএলের সিরিঞ্জ নেই। এরফলে জরুরি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে দাবি জুনিয়র চিকিৎসকদের। পাশাপাশি অ্যাড্রিনালিন, পটাশিয়াম ক্লোরাইডের মতো অত্যন্ত প্রয়োজনীয় ও জীবনদায়ী ওষুধের সঙ্কট রয়েছে বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। 
Advertisement
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সারা দিনে কয়েক হাজার মানুষ পরিষেবা পান। জেলার বিভিন্ন প্রান্ত তো বটেই, পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেও মানুষ পরিষেবা নিতে আসেন। আগের তুলনায় গত কয়েক বছরে হাসপাতালের পরিকাঠামোগত পরিবর্তন হয়েছে। কিন্তু অভিযোগ, এখনও সেভাবে পরিষেবা পান না সাধারণ মানুষ। মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিকাঠামোগত বদল হলেও রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। অভিযোগ,  দরিদ্র ও অসহায় রোগীদের বাইরে থেকে টাকা খরচ করে এই সমস্ত ওষুধ ও সিরিঞ্জ কিনতে হচ্ছে। তাছাড়া মেদিনীপুর মেডিক্যাল কলেজের পরিকাঠামো ও পরিচ্ছন্নতা নিয়েও একাধিক অভিযোগ রয়েছে। রোগীদের অভিযোগ, ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছে বিড়াল। রোগীদের জন্য নেই পর্যাপ্ত বেডও। এরফলে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। 
এক জুনিয়র চিকিৎসক বলেন, সিরিঞ্জের অভাব রয়েছে। স্টোরেও পর্যাপ্ত সামগ্রী নেই। মানুষ ভাবছে এই সব ঘটনার জন্য চিকিৎসকরাই দায়ী। জনরোষ আমাদের উপর পড়ছে। শুধু মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল নয়, জেলার প্রতিটি হাসপাতালে একই অবস্থা। 
মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি জয়ন্ত রাউত বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।
সম্পর্কিত সংবাদ