Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিরাপত্তা সুনিশ্চিত করতে বৈঠকে স্বাস্থ্যকর্তারা

মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিরাপত্তা সুনিশ্চিত করতে বৈঠকে স্বাস্থ্যকর্তারা
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মেডিক্যাল কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করাই লক্ষ্য। মঙ্গলবার রাজ্য সরকারের সিকিউরিটি অডিট কমিটির তরফে বিশেষ বৈঠক হল মেদিনীপুরে। বৈঠকে মেদিনীপুর ও বাঁকুড়া মেডিক্যাল কলেজের নিরাপত্তা সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সিকিউরিটি অডিট কমিটির চেয়ারম্যান সুরজিৎ কর পুরকায়স্থ, রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, পশ্চিম মেদিনীপুর জেলার সিএমওএইচ সৌম্যশঙ্কর ষড়ঙ্গী, পশ্চিম মেদিনীপুর জেলার পুলিস সুপার ধৃতিমান সরকার, জেলাশাসক খুরশিদ আলি কাদরি সহ পুলিস ও প্রশাসনের কর্তারা। এদিন সকাল থেকেই পশ্চিম মেদিনীপুরের কালেক্টরেটে বৈঠক শুরু হয়। জানা গিয়েছে, বৈঠকে সিকিউরিটি অডিট কমিটির তরফে নিরাপত্তা নিয়ে নানা প্রস্তাব দেওয়া হয়। একইসঙ্গে এই বৈঠকে মেডিক্যাল পড়ুয়াদেরও প্রতিনিধি উপস্থিত ছিল। 
Advertisement
এদিন রাজ্যের স্বাস্থ্য সচিব বলেন, বৈঠকে বিভিন্ন উল্লেখযোগ্য কাজের বিষয়ে আলোচনা হয়েছে। বেশ কিছু সাজেশন দেওয়া হয়েছে। সেগুলিকে আমরা আরও উন্নত করব। 
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন প্রায় ৩ ঘণ্টা ধরে বৈঠক চলে। বৈঠকে মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সেই সময় বেশকিছু দাবি জানান মেডিক্যাল পড়ুয়ারা। একইসঙ্গে বৈঠকে মেডিক্যাল কলেজ হাসপাতালের কাজ সম্পর্কে নানা তথ্য জানতে চান সিকিউরিটি অডিট কমিটির সদস্যরা। পরে তাঁরা মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিটিভি কন্ট্রোল রুম, মাতৃমা, ক্যাথ ল্যাব পরিদর্শন করেন। 
এক জুনিয়র চিকিৎসক বলেন, বৈঠক সদর্থক হয়েছে। মেডিক্যাল কলেজে নিরাপত্তা নিয়ে বহু কাজ শুরু হলেও এখনও শেষ হয়নি। এরফলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত সেই সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিরাপত্তা নিয়ে আগেও একাধিকবার বৈঠক হয়েছে। সেই বৈঠকগুলিতে মেডিক্যাল কলেজ হাসপাতালের ডক্টর্স রুম সহ একাধিক বিষয় নিয়েও আলোচনায় হয়। জানা গিয়েছে, মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৬টি ডক্টর্স রুম থাকলেও সেগুলির বেশিরভাগ সচল ছিল না। তাই চিকিৎসকদের সুবিধার্থে ডক্টর্স রুমগুলি ঢেলে সাজানো  হচ্ছে। একইসঙ্গে মেডিক্যাল কলেজ হাসপাতালের শৌচাগারগুলির পরিস্থিতি বেহাল ছিল। কমবেশি ৪০টি শৌচাগার ধাপে ধাপে সংস্কার করার কাজও দ্রুতগতিতে চলছে। এছাড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে আগে ২৭২টি সিসিটিভি ক্যামেরা ছিল। তবে নিরাপত্তার স্বার্থে আরও ৮০০টি সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা করা হয়েছে। এখনও পর্যন্ত নতুন ৩০০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি  মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও বেশি পরিমাণে হাই মাস্ট লাইট লাগানো হচ্ছে।
সম্পর্কিত সংবাদ