Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ১৪টি প্রকল্প ঘোষণা সাংসদ জুন মালিয়ার

মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ১৪টি প্রকল্প ঘোষণা সাংসদ জুন মালিয়ার
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: নতুন বছরে মেদিনীপুর লোকসভা এলাকায় ১৪টি প্রকল্প রূপায়ণের কথা ঘোষণা করলেন সাংসদ জুন মালিয়া। সাংসদ তহবিল থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা এসব প্রকল্প হবে। শহরের পাশাপাশি গ্রামীণ এলাকায় একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প রূপায়িত হবে। সাংসদ কথা রাখায় খুশি মেদিনীপুরের মানুষ। বিশেষত শহরে পথকুকুরের সংখ্যা বেড়ে যাওয়ায় সাংসদের অ্যানিম্যাল শেল্টার তৈরির উদ্যোগ খুবই ভালো বলে তাঁরা জানান।
Advertisement
১০টি ব্লকে নানা প্রকল্প রূপায়ণে কয়েকহাজার মানুষ উপকৃত হবেন। খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। এর মধ্যে বেশিরভাগ প্রকল্প রূপায়ণের প্রতিশ্রুতি লোকসভা ভোটের আগে দিয়েছিলেন জুন। তিনি বলেন, মানুষের সমস্যা মেটানোই আমাদের মূল লক্ষ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নানা প্রকল্পের কাজ শুরু হবে।মাসখানেক আগে বিডিও সহ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন সাংসদ। সেই বৈঠকে নানা সমস্যার কথা উঠে আসে। সাংসদ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলি আগে রূপায়ণের সিদ্ধান্ত নেন। এরপর বিডিও, পঞ্চায়েত সমিতি, প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন প্রকল্পের প্রস্তাব দেন। তা থেকে গুরুত্ব অনুযায়ী ১৪টি প্রকল্প বেছে নেওয়া হয়েছে।সাংসদ তহবিলের টাকায় মার্কেট তৈরির পাশাপাশি গ্রামীণ হাসপাতালের সীমানাপ্রাচীর, বেশ কিছু রাস্তা, কমিউনিটি হল, স্কুলের ক্লাসরুম সহ নানা কাজ হবে। ১৪টি প্রকল্পের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেদিনীপুর শহরে অ্যানিম্যাল শেল্টার তৈরি। এজন্য ২৫লক্ষ টাকা খরচ হবে। এই শেল্টারে পথকুকুরদের রাখা হবে। এই সিদ্ধান্তে খুশি পশুপ্রেমীরা।মেদিনীপুর লোকসভা কেন্দ্রের কেশিয়াড়ি, মোহনপুর, মেদিনীপুর পুর এলাকা, খড়্গপুর-১, শালবনী, নারায়ণগড় ও এগরা-১ ব্লকে একটি করে প্রকল্প তৈরি হবে। দাঁতন ১ ও ২ ব্লকে দু’টি করে ও মেদিনীপুর সদর ব্লকে তিনটি প্রকল্পের রূপায়ণ হবে।মেদিনীপুরের সাংসদ রেলের আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেছেন। বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম বেশ কিছু এলাকায় লেভেল ক্রসিংয়ের বদলে আন্ডারপাস তৈরি করা। সাংসদের উদ্যোগে দাঁতন স্টেশনের বাঁকিবাজার লেভেল ক্রসিং, মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়া লেভেল ক্রসিং সহ বেশ কিছু এলাকায় আন্ডারপাস, বিশেষ সেতু তৈরি হবে।
মেদিনীপুর শহরের বাসিন্দা বিকাশ পাত্র বলেন, শহরে পথকুকুরের সংখ্যা বাড়ছে। তাই সাংসদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। তাঁতিগেড়িয়ায় লেভেল ক্রসিংয়ে ট্রেন দাঁড়িয়ে থাকায় সাধারণ মানুষকে খুব সমস্যায় পড়তে হতো। সেখানে আন্ডারপাস হলে খুব সুবিধা হবে।
সম্পর্কিত সংবাদ