নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: শুক্রবার মেদিনীপুরে জেলাভিত্তিক হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী হল। জেলা শিল্পকেন্দ্রে আয়োজিত প্রদর্শনীতে জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, জেলা শিল্পকেন্দ্রের জেনারেল ম্যানেজার শুভেন্দুকুমার বিশ্বাস সহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিন প্রতিযোগিতার জন্য জেলার ৩০১জন শিল্পীর তৈরি ৩৩৯টি জিনিস জমা পড়েছে। তার মধ্যে ১৩৪টি পটচিত্র, ৬৮টি মাদুর, ২৮টি তামার গহনা, মোষের শিং দিয়ে তৈরি ২১টি শিল্পকর্ম, ১৭টি বাঁশ ও বেতের সামগ্রী রয়েছে। ৩৩৯টির মধ্যে ১২টি শিল্পকর্ম বেছে নেওয়া হবে। প্রতি বিভাগে প্রথম, দ্বিতীয় ও বিশেষ পুরস্কার দেওয়া হবে। এই ১২জন শিল্পীর তৈরি জিনিস রাজ্যস্তরের প্রতিযোগিতায় যাবে। জেলাস্তরের প্রতিযোগিতায় জয়ীদের আর্থিক পুরস্কার দেওয়া হবে। গত বছর পশ্চিম মেদিনীপুর জেলা থেকে ছ’জন শিল্পী রাজ্যস্তরে পুরস্কৃত হয়েছিলেন।
Advertisement
এদিন জেলা পরিষদের সভাধিপতি বলেন, জেলার প্রতিভাধর শিল্পীদের উৎসাহ দিতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। জেলার শিল্পীদের তৈরি জিনিস দেখে আমরা আপ্লুত।



