নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ওটির সামনে চিকিৎসককে কোপানোর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হল। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ নিয়েছে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বহরমপুর থানায় মামলা দায়েরের পাশাপশি নিজেরাও তদন্ত করবে। হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট ডক্টরের উপর এই হামলার ঘটনায় স্বাস্থ্য ভবনও রিপোর্ট চেয়েছে। জানা গিয়েছে, জলঙ্গির মানসিক ভারসাম্যহীন ওই রোগী শুক্রবার সন্ধ্যায় অপারেশন থিয়েটারের কাঁচি নিয়ে কর্তব্যরত এক অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসককে আক্রমণ করে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে মেডিক্যালেই চিকিৎসা করা হয়। তিনি এখন স্থিতিশীল আছেন। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ওই চিকিৎসকের শারীরিক অবস্থার উপর নজর রেখেছে।



