Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেডিক্যালে দালালচক্র, মহিলাকে পাকড়াও করলেন এমএসভিপি

মেডিক্যালে দালালচক্র, মহিলাকে পাকড়াও করলেন এমএসভিপি
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে দীর্ঘদিন থেকেই দালালচক্র সক্রিয় থাকার অভিযোগ রয়েছে। এর আগেও পুলিস অভিযান চালিয়ে ধরেছিল। বুধবার মেডিক্যালের এমএসভিপি ডাঃ সৌরদীপ রায় খোদ পরিদর্শনে বেরিয়ে হাতেনাতে এক মহিলাকে পাকড়াও করলেন। ওই মহিলা দালাল চক্রের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। এ ঘটনায় মেডিক্যালে চাঞ্চল্য ছড়ায়। মহিলাকে সঙ্গে সঙ্গে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। কোতোয়ালি থানা সূত্রে জানা গিয়েছে, ওই মহিলাকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম রুমকি খাতুন বিবি। বাড়ি বলরামপুরে। 
Advertisement
এমএসভিপি পরিদর্শনের সময় মেল মেডিসিন ওয়ার্ডে যান। ইন্ডোরে রোগীকে দেখার সময় পেরিয়ে যাওয়ার পরও সেখানে কয়েকজন মহিলাকে দেখেন। তাদের সতর্ক করেন এমএসভিপি। যাতে কোনওভাবেই পুরুষ ওয়ার্ডে মহিলারা প্রবেশ না করে, সেটা দেখতে নিরাপত্তা কর্মীদের নির্দেশে দেন। এমএসভিপি সৌরদীপ রায় বলেন, ওই মহিলা বহুদিন ধরেই হাসপাতাল চত্বরে ঘুরে বেড়ায় বলে খবর ছিল। এদিন তাকে হাতেনাতে ধরে ফেলি। ওই মহিলাকে পুলিসের হাতে তুলে দিই। ওই মহিলা একা নয়, তার সঙ্গে একটা চক্র রয়েছে। এদিন ওরা ভাবতেও পারেনি হঠাৎ করে চলে আসব পরিদর্শনে। এসব বরদাস্ত করা হবে না। মেডিক্যাল থেকে দালালচক্র নির্মূল করা হবে। 
কোচবিহার জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি নিম্ন-অসম, জয়গাঁ, আলিপুরদুয়ার থেকে বহু মানুষ কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। অধিকাংশই নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণির মানুষ। এঁদের বিভ্রান্ত করে, ভুল বুঝিয়ে এক শ্রেণির দালাল স্থানীয় নার্সিংহোমে পাঠানোর চেষ্টা করে। এদিন রাউন্ডে বেরিয়ে তেমনই এক মহিলাকে এমজেএন বিল্ডিংয়ের অনুসন্ধান বিভাগের সামনে হাতেনাতে ধরে ফেলেন এমএসভিপি। তাকে জিজ্ঞাসাবাদ করতেই সে নানা সাফাই গাইতে শুরু করে। কথায় অসঙ্গতি মেলায় পুলিস ডেকে ওই মহিলাকে তাদের হাতে তুলে দেন এমএসভিপি। 
অভিযোগ, দালাল চক্রের সঙ্গে যুক্তরা হাসপাতালে আসা রোগীদের নানাভাবে বুঝিয়ে বাইরে থেকে রক্ত পরীক্ষা, এক্স-রে, ইউএসজি সহ বিভিন্ন ধরনের পরীক্ষা করায়। যেসব পরীক্ষা মেডিক্যালে নিঃশুল্ক হয়ে থাকে। বাইরের ওসব প্যাথল্যাবের সঙ্গে এদের রোগী প্রতি কমিশন থাকে। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে রোগীকে নার্সিংহোমগুলিতে ভর্তির জন্য নিয়ে যায় এরাই। আর এদের খপ্পড়ে পড়ে সর্বস্ব হারান অনেকে।
সম্পর্কিত সংবাদ