Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাদকের টাকা জোগাড় করতে সিসি ক্যামেরায় প্লাস্টিক মুড়ে চুরি

মাদকের টাকা জোগাড় করতে সিসি ক্যামেরায় প্লাস্টিক মুড়ে চুরি
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কালিয়াচক: ব্রাউন সুগার কেনার টাকা জোগাড় করতে গ্রিল ফ্যাক্টরির তালা ভেঙে চুরি।‌ চুরির আগে কৌশলে সিসি ক্যামেরায় কালো প্লাস্টিক মেরে দিল চোরেরা। কিন্তু তারপরেও শেষ রক্ষা হল না চোরেদের। অন্য একটি সিসি ক্যামেরায় ধরা পড়ল তাদের চুরি। পুলিসের জেরার মুখে চুরির কথা স্বীকার করেছে এক চোর। ঘটনাটি বৈষ্ণবনগর থানার অদূরে বাজেপ্তি গ্রামের। 
Advertisement
বাজেপ্তি গ্রামের বাসিন্দা মণিরুল শেখের একটি গ্রিলের দোকান রয়েছে জাতীয় সড়কের পাশেই। নিরাপত্তার জন্য দোকানে লাগিয়ে রেখেছেন সিসি ক্যামেরা। মঙ্গলবার রাতে তাঁর দোকানে গ্রিল ভেঙে কিছু সামগ্রী নিয়ে যায় চোরেরা। পুলিস তদন্তে গিয়ে জানতে পারে দোকানে সিসি ক্যামেরা রয়েছে। সেই সিসি ক্যামেরার ওপর লাগানো রয়েছে কালো প্লাস্টিক।‌ কিন্তু পাশে আর একটি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে চোরেদের শনাক্ত করে পুলিস। বুধবার দুপুরে ১৬ মাইল এলাকা থেকে বাসিন্দা মাসিদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিস। পুলিস জানায়, ব্রাউন সুগার কেনার টাকা জোগাড় করতেই ধৃত যুবক চুরি করেছে। এই চুরিতে ধৃতের সঙ্গে আরও একজন জড়িত। দোকানদার মণিরুল জানান, চোরেরা বেশি কিছু নিয়ে যেতে না পারলেও প্রায়  আটহাজার টাকার সামগ্রী চুরি করে। পুলিস জানিয়েছে, চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের আরেকজন সহযোগী পলাতক। তার খোঁজেও তল্লাশি শুরু হয়েছে। 
সম্পর্কিত সংবাদ