Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাদকের নেশার টাকা জোগাড়ে চুরি-ছিনতাই বাড়ছে সালারে

মাদকের নেশার টাকা জোগাড়ে চুরি-ছিনতাই বাড়ছে সালারে
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: নেশার টাকা জোগাড় করতে চুরি-ছিনতাইয়ের রাস্তা বেছে নিচ্ছে সালারের বেশকিছু যুবক। এলাকায় সাইকেল, বাইকের পাশাপাশি বাড়ির ব্যবহার্য সামগ্রীও চুরি হয়ে যাচ্ছে। চোরাই সামগ্রী অল্প দরে কেনার জন্যও অনেকে ওঁত পেতে বসে আছে। সোমবার রাতে সাইকেল চুরিতে অভিযুক্ত দু‌ই নেশাগ্রস্ত যুবককে গ্রেপ্তার করে নেশামুক্তি কেন্দ্রে পাঠাল পুলিস। সেইসঙ্গে তিন চোরাই সামগ্রীর ক্রেতাকেও গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement
এলাকার বাসিন্দারা জানান, সম্প্রতি চোরদের এতটাই বাড়বাড়ন্ত হয়েছে যে, তাঁরা বাড়ি খালি রেখে কোথাও বেরোতে পারছেন না। বাড়ির ঘটিবাটি, সাইকেল ও বাইক চুরির ঘটনা লেগেই রয়েছে। মাসের বেশিরভাগ দিন পুলিসের কাছে এমন অভিযোগ জমা পড়ছে। বেশিরভাগ ক্ষেত্রে চুরির ঘটনায় নেশাগ্রস্ত যুবকদের জড়িত থাকার প্রমাণ মিলছে বলে পুলিস জানিয়েছে।
পুলিস সূত্রে খবর, এলাকার অসংখ্য কিশোর ও যুবক হেরোইনের নেশায় আসক্ত হয়ে পড়ছে। বিশেষ করে অল্পশিক্ষিত কিশোর ও যুবকদের মধ্যে এই প্রবণতা বেশি। নেশার টাকা জোগাড় করতেই তারা চুরির রাস্তায় নামছে।
সম্প্রতি এলাকার তালিবপুর গ্রামে কয়েকটি সাইকেল চুরির অভিযোগ পুলিসের কাছে জমা পড়ে। তদন্তে নেমে পুলিস ফারুক শেখ ও রেন্টু শেখ নামে দুই নেশাগ্রস্ত যুবককে গ্রেপ্তার করে। দু’জনেরই বয়স প্রায় ২৪বছর। পুলিসে জেরায় ধৃতরা জানিয়েছে, নেশার টাকা জোগাড় করতেই চুরির রাস্তা বেছে নিয়েছে। পুলিস তাদের নেশামুক্তি কেন্দ্রে পাঠিয়েছে।
নেশাগ্রস্তদের থেকে অল্প দরে চুরির সামগ্রী কেনার জন্যও কিছু লোক ওঁত পেতে থাকে। সোমবার রাতেই পুলিস চোরাই সামগ্রী কেনার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা হল জাহির শেখ, জুলফিকার আলি ও দীনেশ ঘোষ। জাহির ও দীনেশ তালিবপুরেরই বাসিন্দা। বছর ষাটের জুলফিকার স্থানীয় বাবলা গ্রামের বাসিন্দা। পরে তাদের জামিন হয়ে যায়।
সালারের সমাজকর্মী আতাহার আলি বলেন, কিশোর ও যুবকরা দিন দিন হেরোইনের নেশায় আসক্ত হয়ে পড়ছে। এরা প্রথমে নিজেদের পরিবারকে রাস্তায় বসিয়ে দিচ্ছে। এরপর চুরি, ছিনতাই করে বেড়াচ্ছে।
প্রবীণ সমাজকর্মী বাসির আলি বলেন, পুলিস কড়া ব্যবস্থা না নিলে সমাজে চূড়ান্ত অবক্ষয় নেমে আসবে।
সালার থানার পুলিস জানিয়েছে, চুরি ও চোরাই সামগ্রী কেনার অভিযোগে সোমবার রাতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি যাওয়া তিনটি সাইকেলও উদ্ধার হয়েছে।
সম্পর্কিত সংবাদ