Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাদকের কারবার বন্ধের দাবি তুলে রাজ্যসড়ক অবরোধ মীরজাতপুরে

মাদকের কারবার বন্ধের দাবি তুলে রাজ্যসড়ক অবরোধ মীরজাতপুরে
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানিকচক: মাদকের নেশায় আসক্ত যুব সমাজ। এলাকায় বাড়ছে মাদকের কারবার।  মাদকের কারবার বন্ধের দাবি তুলে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন মীরজাতপুর গ্রামের বাসিন্দারা। পুলিসের হস্তক্ষেপে তিন ঘণ্টা পর অবরোধ ওঠে।
Advertisement
বিক্ষুব্ধদের বক্তব্য, রতুয়া ২ ব্লকের পরাণপুর পঞ্চায়েতের মীরজাতপুরের যুবকরা মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ছে। এর ফলে পরিবারে অশান্তি বাড়ছে। বাড়ছে পথ দুর্ঘটনাও। 
মাদক কারবারিদের বিরুদ্ধে বারবার পুলিসকে জানালেও কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। তাই বাধ্য হয়ে এদিন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হন বাসিন্দারা। প্রায় তিনঘণ্টার বিক্ষোভে রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুখুরিয়া থানার পুলিস। মাদক কারবারিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন মীরজাতপুরের বাসিন্দারা। 
স্থানীয় বাসিন্দা মন্টু খান বলেন, কয়েকবছর ধরে অবৈধভাবে চলছে মাদক কারবার। আমরা বারবার পুলিসকে জানিয়েছি। কিন্তু কোনও পদক্ষেপ করেনি তারা। পুখুরিয়া থানার এক আধিকারিক বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলে। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। আগামীতে এই ধরনের অভিযান আরও চালানো হবে। 
সম্পর্কিত সংবাদ