সংবাদদাতা, নকশালবাড়ি: বুধবার খড়িবাড়ির কোয়ার্টার মোড় সংলগ্ন এলাকায় এসএসবির অভিযানে মাদক সহ গ্রেপ্তার হল এক যুবক। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মুকেশ রায়। সে পানিট্যাঙ্কির উত্তর রামধনজোতের বাসিন্দা। খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় এসএসবির ৪১তম ব্যাটালিয়নের জওয়ানরা। ওই যুবককে আটক করে তল্লাশি চালালে ১৯৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। পরে ধৃতকে খড়িবাড়ি পুলিসের হাতে তুলে দেয় এসএসবি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উদ্ধার মাদক ওই এলাকায় বিক্রির জন্য নিয়ে আসা হয়েছিল।



