চেন্নাই: ধাপে ধাপে অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠাচ্ছে আমেরিকা। হাতে-পায়ে শিকল বাঁধা। অথচ ট্রাম্প সরকারের এই সিদ্ধান্ত নিয়ে কোনও বাক্য খরচ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর বিরোধিতা করে একাধিক কার্টুন প্রকাশ করেছিল তামিল সাপ্তাহিক ম্যাগাজিন ‘বিকতান’। অভিযোগ, তারপরেই ম্যাগাজিনের ওয়েবসাইট ব্লক করে দেয় কেন্দ্র সরকার। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। অবিলম্বে ওয়েবসাইট চালু করার দাবিও জানিয়েছেন তিনি। রবিবার এক্স হ্যান্ডলে ডিএমকে নেতার তোপ, ‘নিজস্ব মতামত জানানোর জন্য সংবাদমাধ্যমের ওয়েবসাইট ব্লক করে দেওয়া হচ্ছে। এটা গণতন্ত্রের জন্য মোটেই ভালো নয়। এটা বিজেপির ফ্যাসিবাদী মনোভাবের অন্যতম উদাহরণ।’ গেরুয়া শিবিরের পাল্টা দাবি, প্রধানমন্ত্রীকে কালিমালিপ্ত করার চেষ্টা চালাচ্ছে ওই ম্যাগাজিন। ইতিমধ্যে এই মর্মে অভিযোগ দায়ের করেছে পদ্ম পার্টি।
Advertisement
বিবৃতি দিয়ে ‘বিকতান’ জানিয়েছে, ‘বহু পাঠক ওয়েবসাইট খুলতে না পারার কথা জানিয়েছেন। প্রায় একশো বছর ধরে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে আসছে বিকতান। প্রতি মুহূর্তে আমরা বাক স্বাধীনতাকে সমর্থন করেছি। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। ওয়েবসাইট ব্লক হওয়ার কারণ জানার চেষ্টা করছি। বিষয়টি সরকারের সামনে তুলে ধরব।’ তামিলনাড়ু বিজেপির প্রধান কে আন্নামালাইয়ের অভিযোগ, সাংবাদিকতার আড়ালে ডিএমকের মুখপত্র হিসেবে কাজ করছে বিকতান। ইতিমধ্যে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারপার্সন ও রাষ্ট্রমন্ত্রী এল মুরুগানের কাছে অভিযোগ দায়ের করেছেন এই বিজেপি নেতা। এক্স হ্যান্ডলে আন্নামালাই লেখেন, ‘বিকতানের কার্টুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শিকল বাঁধা অবস্থায় বসে থাকতে দেখা গিয়েছে। পাশে বসে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আসলে তামিলনাড়ুর সরকারকে খুশি করতে প্রধানমন্ত্রীর মার্কিন সফরকে বিদ্রুপ করে এই কার্টুন বানানো হয়েছে।



