সংবাদদাতা, কালিয়াচক: মাদক মামলায় গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান তাহাসিনা বিবির স্বামী সফিকুল ইসলামকে গ্রেপ্তার করল পুলিস। তাকে শুক্রবার গভীর রাতে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে কালিয়াচক থানার পুলিস। কয়েকদিন আগে এক ব্যক্তিকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ সহ আটক করে পুলিস। তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই সফিকুলের নাম জানা যায়। তখন থেকে পুলিসের নজরে ছিল সফিকুল। তার গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল। কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরী জানিয়েছেন, এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতেই সফিকুলের নাম জানা যায়। গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে মালদহ জেলা আদালতে পেশ করা হলে বিচারক ১০দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।



