নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: একসময় এলাকায় মাদকের বাড়বাড়ন্ত নিয়ে গণস্বাক্ষর সহযোগে অভিযোগ জানিয়েছেন। সেই রোষে মাদক চক্রীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ শেরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ধরইলের নারায়ণ মণ্ডল নামে এক ব্যবসায়ীর। মাদক কারবারীদের আক্রমণে তার পায়ে ও মাথায় আঘাত লাগে। নারায়ণের অভিযোগ, দিন পনেরো আগে ৪০০ জনের স্বাক্ষর নিয়ে এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে পুলিসে অভিযোগ জানিয়েছিলাম। তাই আমার উপর হামলাকারীদের রাগ ছিল। আগে হুমকিও দিয়েছে। এরপর গতরাতে হামলা চালানো হয়। ছিনিয়ে নিয়ে যাওয়া হয় আমার বাইকটি। বাইকের বক্সে নগদ লক্ষাধিক টাকা ও ব্যাঙ্কের ক্রেডিট ও ডেভিড কার্ড ছিল। সেসবও খোয়া গিয়েছে। পরে প্রতিবেশীরা আমায় উদ্ধার করে। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। অভিযোগটি কর্নজোড়া ফাঁড়িতে জানিয়েছি। এ প্রসঙ্গে রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।



