Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাদক ব্যবসায়ীর গাড়িতে আগুনের ২৪ ঘণ্টা পরেও থমথমে পাকড়িগুড়ি

মাদক ব্যবসায়ীর গাড়িতে আগুনের ২৪ ঘণ্টা পরেও থমথমে পাকড়িগুড়ি
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের অসম-বাংলা সীমানার পাকড়িগুড়ি উত্তর পাড়ায় হেরোইনের কারবারির গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনার পর থমথমে স্থানীয় পরিবেশ। এলাকায় কড়া পুলিসি নজরদারি জারি রয়েছে। শনিবারের ঘটনার পর থেকেই এলাকায় বসানো হয়েছে পুলিস পিকেট। গ্রামে যেন আর অশান্তি ছড়াতে না পারে তারজন্যই পুলিসের তরফে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে অভিযুক্ত প্রসেনজিৎ সরকার ও তাঁর বাড়ির লোকজন পলাতক রয়েছেন। 
Advertisement
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় পাকড়িগুড়ির বাসিন্দা প্রসেনজিৎ সরকারের বাড়িতে থাকা তাঁর একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এলাকার উত্তেজিত জনতা। হেরোইনের কারবারি প্রসেনজিতের জন্যই এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে, এই অভিযোগ দীর্ঘদিন ধরেই করে আসছিলেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে ক্ষোভ বাড়ছিল গ্রামে। অবশেষে ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে। বাড়ি থেকে উদ্ধার হয় নেশার সামগ্রী। এছাড়াও বাড়ি থেকে একটি পিস্তলও উদ্ধার হয়। যদিও পুলিসের দাবি, সেটি আগ্নেয়াস্ত্র নয়। সেটি খেলনার বন্দুক। 
পরিস্থিতি বেগতিক বুঝে তড়িঘড়ি বাড়ি থেকে চম্পট দেয় প্রসেনজিৎ ও তার বাড়ির লোকজন। বারোবিশা দমকল কেন্দ্রের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আসে বারোবিশা ফাঁড়ির পুলিস। পরে কামাখ্যাগুড়ি ফাঁড়ি ও শামুকতলা থানার পুলিসও ঘটনাস্থলে আসে। শনিবার রাতে যেমন ওই বাড়িতে পুলিস মোতায়েন ছিল, ঠিক তেমনই রবিবার দিনও ওই বাড়িতে পুলিস পিকেটিং থাকে। 
স্থানীয় পঞ্চায়েত সদস্য ইন্দ্রজিৎ দাস বলেন, প্রসেনজিৎ সরকার দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত। এই নিয়ে মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছিল। ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। পুলিস বিষয়টি দেখছে। আমরা প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করব। এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, হেরোইনের ব্যবসা করে অল্প কিছুদিনের মধ্যেই বিপুল পরিমাণ টাকার মালিক হয়ে যায় প্রসেনজিৎ। যার ফলে স্থানীয়দের সে পাত্তাই দিত না। কেউ কিছু বলতে গেলে, হুমকি দিত। 
এই পরিস্থিতিতে স্থানীয়দের দাবি, প্রসেনজিতের পরিবার যেন আর এই এলাকায় না আসে। সে গ্রামে থাকতে পারবে না। যদি সে গ্রামে থাকে, তাহলে গোটা গ্রামের যুব সমাজ ধ্বংসের দিকে যাবে। পুলিস জানিয়েছে, এলাকায় নজরদারি চালানো হচ্ছে। ওই বাড়িতে পুলিস মোতায়েন রয়েছে।
সম্পর্কিত সংবাদ