সংবাদদাতা, কুমারগ্রাম: গত ২৮ ডিসেম্বর কুমারগ্রাম ব্লকের অসম-বাংলা সীমানার পাকড়িগুড়ি উত্তরপাড়ায় এক হেরোইন কারবারির গাড়িতে আগুন ধরিয়ে দেয় এলাকার মহিলা ও সাধারণ মানুষ। এই ঘটনার পর অভিযুক্ত ও তাঁর বাড়ির লোকজন পালিয়ে যায়। অভিযুক্তের বাড়িতে এখনও মোতায়েন রয়েছে পুলিস।
Advertisement
শুক্রবার বিকেলে এলাকায় আসেন কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওরাওঁ। তিনি আন্দোলনকারী মহিলাদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন। মহিলাদের আন্দোলনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত হেরোইনের কারবারের সঙ্গে যুক্ত। তার জন্য এলাকার কম বয়সি ছেলেরা হেরোইনের নেশায় আচ্ছন্ন হয়ে পড়ছে। বিষয়টি নিয়ে ক্ষোভ বাড়ছিল স্থানীয়দের মধ্যে। যার ফলে গত ২৮ নভেম্বর অভিযুক্তর গাড়িতে আগুন ধরিয়ে দেয় এলাকার উত্তেজিত জনতা। বিধায়ক মনোজকুমার ওরাওঁ বলেন, মাদক বিরোধী আন্দোলনে নামা মহিলাদের কুর্নিশ জানাই। তাঁরা সমাজকে সুস্থ রাখতে পথে নেমেছেন। আমি তাঁদের পাশে রয়েছি।



