Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাধ্যমিকের সময় ঝাড়গ্রামে হাতি-উপদ্রুত এলাকায় বাড়তি নিরাপত্তা  

মাধ্যমিকের সময় ঝাড়গ্রামে হাতি-উপদ্রুত এলাকায় বাড়তি নিরাপত্তা  
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের হাতি উপদ্রুত জঙ্গলের রাস্তায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করল বনদপ্তর। হাতির কারণে পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কোনও অঘটন যাতে না ঘটে, সেজন্য বেশ কিছু পদক্ষেপ করা হচ্ছে।
Advertisement
জঙ্গল অধ্যুষিত এলাকার পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের রাস্তায় বনদপ্তরের তরফে ড্রপ গেটের ব্যবস্থা করা হবে। পরীক্ষার সময় বনকর্মী ও অতিরিক্ত হুলা পার্টির লোকজন মোতায়েন রাখা হবে। বনকর্মীদের চটজলদি এক জায়গা থেকে অন্যত্র যাওয়ার জন্য কয়েকটি অতিরিক্ত গাড়ির ব্যবস্থা করা হচ্ছে।
খড়্গপুরের ডিএফও মণীশ যাদব বলেন, অন্য বছরের মতো এবারও মাধ্যমিকের সময় হাতি-অধ্যুষিত জঙ্গলের রাস্তায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। খড়্গপুর ডিভিশনের নয়াগ্রাম ও সাঁকরাইলে এখন বেশি হাতি নেই। তবে কংসাবতী নদীর ওপার থেকে হাতি আসতে বেশি সময় লাগে না। পরীক্ষার্থীরা যাতে নিরাপদে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। গতবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় নিরাপত্তার ব্যবস্থা করে আমাদের কিছু অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। এবারও সেই পদ্ধতিতেই নিরাপত্তার ব্যবস্থা করা হবে।
১০ফেব্রুয়ারি থেকে এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। নয়াগ্রামের পাতিনা পঞ্চায়েতের জামশোলা, বাঁকিয়াশোল, পাথরডহরা, বড়শোল, দরখুলি, মলম পঞ্চায়েতের বাঘিয়াশোল, বড়খাঁকড়ি পঞ্চায়েতের কদমডিহা, জামিরাশোল, খাঁকড়ি-এসমস্ত গ্রাম জঙ্গলঘেরা। এসব গ্রাম থেকে আড়াই-তিন কিলোমিটার দূরের সেন্টারে যেতে হবে পরীক্ষার্থীদের। মাধ্যমিক পরীক্ষার কয়েকদিন বনদপ্তরের তরফে সেখানে টহলদারির ব্যবস্থা করা হয়েছে। এতে স্বস্তিতে পরীক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির প্রাক্তন কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ বঙ্কিম ভক্তা  বলেন, নয়াগ্রামের অনেক গ্রাম একেবারে জঙ্গলের মাঝে অবস্থিত। প্রতিটি গ্রাম থেকে দু’-চারজন করে মাধ্যমিক দিচ্ছে। নদী লাগোয়া এই এলাকায় হাতির আনাগোনা অনেকটাই বেশি। পরীক্ষার সময় বনদপ্তরের তরফে টহলদারির ব্যবস্থা করা হয়। এবার জঙ্গলের কাঁচা রাস্তায় এখনও সেই টহলদারি চোখে পড়েনি। ছাত্রছাত্রীরা অনেকটা জঙ্গলঘেরা পথ পেরিয়ে পরীক্ষা দিতে যাবে। তাই বনদপ্তর নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করুক-সেটাই চাইছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ