সংবাদদাতা, পতিরাম: বাড়ি থেকে কিশোরীকে তুলে ফাঁকা মাঠে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক ওই কিশোরীর আত্মীয়। কিশোরীর অভিযোগ, তার মুখ চেপে মাঠে নিয়ে যায় অভিযুক্ত। তাঁর শ্লীলতাহানি করে। সে মুখ ছাড়িয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে। তারপর বিপদ বুঝে অভিযুক্ত চম্পট দেয়।
Advertisement
পরিবার সূত্রে খবর, নির্যাতিতা কিশোরী এবছরই মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। শুক্রবার রাতে বিষয়টি জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে বালুরঘাটের দোগাছি এলাকায়। শনিবার ওই কিশোরীকে সঙ্গে নিয়ে তার বাবা পুলিসের দ্বারস্থ হয়েছে। আত্মীয় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এই ব্যাপারে বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, এনিয়ে অভিযোগ পেয়েছি। পুরও ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। এদিন নাবালিকার বাবা বলেন, শুক্রবার রাতে আমার মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ফাঁকা মাঠে শ্লীলতাহানি করে। কোনওরকমে মেয়ে পালিয়ে এসে বাড়িতে বিষয়টি জানায়। আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযুক্তের শাস্তি চাই। পুলিস সূত্রে খবর, অভিযুক্ত যুবক ওই কিশোরীর দূর সম্পর্কের আত্মীয়। সেই রাতে কিশোরীটির সঙ্গে আর এক আত্মীয় নাবালিকা ছিল। সেই নাবালিকা বাড়ির বারান্দায় পড়াশোনা করছিল। সেই সময় ওই বাড়িতে আসে অভিযুক্ত যুবক। সে চুপিসারে কিশোরীর মুখ চেপে বাড়ির পাশেই ফাঁকা মাঠে নিয়ে যায়। এমন ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত। চলতি সপ্তাহেই বালুরঘাটের বেলাইন এলাকায় টিউশন পড়ে ফেরার পথে এক কিশোর হাত ধরে টানাটানি করা হয়। ওই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনার দু’দিন না যেতেই ফের একই ধরনের শ্লীলতাহানির ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে বালুরঘাটে।



