নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার আগের রাতে সিউড়ি শহরের এক ছাত্রী নিখোঁজ হওয়ায় শোরগোল পড়ে যায়। মেয়ের খোঁজ পেতে পরিবারের সদস্যরা রাতেই পুলিসের দ্বারস্থ হন। মঙ্গলবার সকালেই মাধ্যমিকের জেলা মনিটরিং কমিটির সদস্য পার্থসারথি ঘোষ সহ অন্যান্যরা ওই পরীক্ষার্থীর বাড়ি পৌঁছে যান। পরীক্ষার্থীর খোঁজ চলতে থাকে। এরইমাঝে বাড়ির কাছে ওই পরীক্ষার্থীর খোঁজ মেলায় স্বস্তি ফেরে। পরিবার সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার প্রস্তুতি ঠিকমতো হয়নি। ফল ভালো না হলে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনার স্বপ্ন অধরা থেকে যাবে। সেই আশঙ্কায় ওই পরীক্ষার্থী বাড়ির পিছনে বাগানে লুকিয়ে ছিল। পার্থসারথিবাবু বলেন, আমরা খুব উত্কন্ঠায় ছিলাম। পরীক্ষার্থী ফিরে আসায় স্বস্তি পেলাম। ও বাকি পরীক্ষা দিতে চাইলে ব্যবস্থা করা হবে।
Advertisement
ওই মাধ্যমিক পরীক্ষার্থী আগামী দিনে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায়। কিন্তু মাধ্যমিকের প্রস্তুতি ঠিকমতো না হওয়ায় সে উৎকন্ঠার মধ্যে ছিল। এবছর পরীক্ষা না দেওয়ার চিন্তাভাবনা করছিল। এক বান্ধবীর সঙ্গেও এনিয়ে আলোচনা করেছিল। এমনকী, পরিবারের সদস্যদেরও বিষয়টি জানিয়েছিল। যদিও কেউ খুব একটা গুরুত্ব দেননি। সোমবার সে পরীক্ষা দিতে গিয়েছিল। বাংলা পরীক্ষা শেষে বাড়ি ফিরে ভৌতবিজ্ঞান নিয়ে পড়ার আগ্রহ প্রকাশ করে। সন্ধ্যায় বাবার সঙ্গে এক শিক্ষিকার বাড়িও গিয়েছিল। মিনিট কয়েক বাদেই সে শিক্ষিকার বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর তার কোনও খোঁজ মিলছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর গার্লস হাইস্কুলের ওই ছাত্রী রাতভর নিখোঁজ থাকার খবর পৌঁছয় মাধ্যমিকের জেলা মনিটরিং কমিটির সদস্যদের কাছে। এদিন পরীক্ষা শুরুর পরই তাঁরা ওই পরীক্ষার্থীর বাড়ি পৌঁছে যান। কী ঘটনা ঘটেছে তা জানতে চান। পরীক্ষার্থীর খোঁজ পেতে মরিয়া চেষ্টা শুরু করেন। শেষ পর্যন্ত নাটকীয়ভাবে বাড়ির পাশেই ওই পরীক্ষার্থীর খোঁজ মেলে। জানা গিয়েছে, ওই পরীক্ষার্থী বাড়ির পিছনে বাগানে আত্মগোপন করেছিল। পরীক্ষার্থীর বাবা জানিয়েছেন, ভৌতবিজ্ঞানের প্রস্তুতি ঠিকমতো হয়নি। সেজন্য ভয় পাচ্ছিল। ওর ইংরাজি পরীক্ষা দেওয়া হল না।



