Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাধ্যমিকে এবারও ছাত্রী সংখ্যা বেশি, দুই বর্ধমানে মোট পরীক্ষার্থী প্রায় ৭৭ হাজার

মাধ্যমিকে এবারও ছাত্রী সংখ্যা বেশি, দুই বর্ধমানে মোট পরীক্ষার্থী প্রায় ৭৭ হাজার
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: দুই বর্ধমানে এবারও মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীরা বেশি সংখ্যায় পরীক্ষায় বসছে। বিগত কয়েক বছর ধরেই ছাত্রীরা এগিয়ে থাকছে। শিক্ষক-শিক্ষিকাদের দাবি, এর নেপথ্যে রয়েছে কন্যাশ্রী, সবুজসাথীর মতো প্রকল্প। একসময় ছাত্রীদের মধ্যে ড্রপআউটের প্রবণতা সবচেয়ে বেশি দেখা যেত। এখন উল্টোটা হচ্ছে। 
Advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবারে পূর্ব বর্ধমান জেলায় ৪৫ হাজার ৮৪৮জন পড়ুয়া পরীক্ষায় বসছে। তারমধ্যে ২৬ হাজার ৪০০ জন ছাত্রী। ছাত্রের সংখ্যা ১৯ হাজার ৪৪৮ জন। মোট ভেনুর সংখ্যা ১২৪। মেন ভেনু ৫৫টি। তবে এবার অনেক বেশি পড়ুয়া রেজিস্ট্রেশন করেছিল। তাদের অনেকেই পরীক্ষায় বসছে না। পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য সবরকম বন্দোবস্ত করা হয়েছে।
পূর্ব বর্ধমান জেলার মাধ্যমিক পরীক্ষার কনভেনর অমিত ঘোষ বলেন, পরীক্ষাহলে মোবাইল ব্যবহার বন্ধে আরও কড়াকড়ি করা হয়েছে। শিক্ষক- শিক্ষিকারাও মোবাইল নিয়ে হলে ঢুকতে পারবেন না। মোবাইল নিয়ে কেউ ধরা পড়লে পরীক্ষা বাতিল করা হবে। এবার প্রথম দিনেও অভিভাবকরা পরীক্ষার হলে ঢুকতে পারবেন না। পরীক্ষার্থীদের সুবিধার জন্য কন্ট্রোলরুম খোলা হয়েছে। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কন্ট্রোল রুম খোলা হয়েছে। অসুস্থ ছাত্রছাত্রীদের পরীক্ষা দেওয়ার জন্য এবারও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পুলিস সুপার সায়ক দাস বলেন, পরীক্ষাকেন্দ্রের পথে কোথাও যাতে যানজট না হয় তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চূড়ান্ত প্রস্তুতি পশ্চিম বর্ধমান জেলাজুড়ে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। সতর্ক রাখা হয়েছে স্বাস্থ্যদপ্তর থেকে ট্রাফিক পুলিস সহ সব বিভাগকেই। এইসময় কোথাও মাইক বাজানো যাবে না। নির্দেশ অমান্য করলে পদক্ষেপ নেওয়া হবে। 
এবার পশ্চিম বর্ধমান জেলায় মোট মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে ৩১ হাজার ৩৪ জন। ছাত্রী রয়েছে ১৭ হাজার ৪৭৮ জন ও ছাত্র রয়েছে ১৩ হাজার ৫৫৬ জন। আসানসোল মহকুমায় পরীক্ষা দিচ্ছে ১৮ হাজার ৭৯৮ জন, দুর্গাপুর মহকুমা থেকে পরীক্ষা দিচ্ছে ১২ হাজার ২৩৬ জন। জেলায় মোট পরীক্ষা কেন্দ্র ৮৭টি। আসানসোল মহকুমায় ভেনু রয়েছে ৫১টি দুর্গাপুর মহকুমায় ভেনু ৩৬টি। আজ, সোমবার থেকে জেলা বিদ্যালয় পরিদর্শক অফিস থেকে চালু হচ্ছে কন্ট্রোল রুম। সেখানে দায়িত্বে থাকছেন এআই পদমর্যাদার আধিকারিকরা। সমস্যায় পড়লে কন্ট্রোল রুমে(৮৯১৮৬৩১৮৫২, ৮৯১৮৬৫৩২৭০, ৮২৫০৫৭৪৫৫৮) ফোন করা যাবে। শিক্ষাদপ্তর সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের জঙ্গলমহল আউশগ্রামের পরীক্ষার্থীরা যাতে সমস্যায় না পড়েন তারজন্য ওই এলাকায় বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই এলাকার কয়েকটি রাস্তায় হাতির করিডর রয়েছে। কয়েক বছর আগে হাতি বেরিয়ে আসায় পরীক্ষার্থীরা সমস্যায় পড়েছিলেন। পরীক্ষাকেন্দ্রে যেতে সমস্যা না হয় তারজন্য এবার ওই এলাকায় গাড়ির ব্যবস্থা করা হয়েছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ