Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মোড়গ্রাম মাধাইপুরে দুই মহাবৈষ্ণবের জন্মস্থান ঘিরে পর্যটন কেন্দ্র গড়ার দাবি 

মোড়গ্রাম মাধাইপুরে দুই মহাবৈষ্ণবের জন্মস্থান ঘিরে পর্যটন কেন্দ্র গড়ার দাবি 
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: ৫২০ বছর আগে মহাবৈষ্ণব রূপ এবং সনাতন গোস্বামীর টানে মালদহের রামকেলি গ্রামে চরণধূলি দিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু। ঐতিহাসিক গুরুত্বের কথা মাথায় রেখে ওই গ্রামে কয়েক বছর আগে মহাপ্রভুর পূর্ণাবয়ব মূর্তি বসিয়ে পর্যটনের বিকাশে সৌন্দর্যায়ন করা হয়েছিল।
Advertisement
অথচ রামকেলি থেকে ২৫ কিলোমিটার দূরে শ্রীরূপ এবং সনাতন গোস্বামীর জন্মস্থান (মামার বাড়ি) পুরাতন মালদহের মোড়গ্রাম মাধাইপুরের জন্য সেরকম কিছু পদক্ষেপ নেওয়া হয়নি বলে আক্ষেপ বাসিন্দাদারে। প্রায় পাঁচশো বছর আগে গৌড়ের রাজা হোসেন শাহ রাজ কর্মচারী পাঠিয়ে ওই দুই মহাবৈষ্ণবকে মাধাইপুর থেকে গৌড়ের উদ্দেশ্যে নিয়েও যান। গ্রামে একাধিক স্মৃতি জড়িয়ে রয়েছে। অভিযোগ, ওই গ্রামকে পর্যটনকেন্দ্র হিসাবে সাজানো হয়নি। এনিয়ে গ্রামবাসী এবং মন্দির কমিটি আক্ষেপ প্রকাশ করেছে। রূপ সনাতন মন্দিরের ট্রাস্ট কমিটির সদস্য অজিত ঘোষ বলেন, ভক্তদের দানে মন্দিরে উন্নয়ন হয়েছে। কয়েক বছর আগে একটি অভিজাত হোটেলে আমাদের আমন্ত্রণ জানানো হয়। সেখানে বিদেশের কিছু প্রতিনিধি ছিলেন। আলোচনায় আমাদের ঐতিহ্যবাহী স্থানকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ার দাবি করেছিলাম। পরে জেলা প্রশাসনকে জানানো হলেও কিছু হয়নি।
২৭ নভেম্বর থেকে ৫ দিন বাৎসরিক উৎসব হবে ট্রাস্টের উদ্যোগে। ১ ডিসেম্বর ৬৪ মহন্তের ভোগ রয়েছে। ওই দিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত এবং পর্যটকরা আসেন মোড়গ্রাম মাধাইপুরে। অজিতের পরামর্শ, রামকেলির মতো এই গ্রামে শ্রীরূপ এবং সনাতন গোস্বামীর মূর্তি বসিয়ে পর্যটন কেন্দ্র গড়ার কথা ভাবা উচিত।
পর্যটন দপ্তরের জেলার এক আধিকারিক বলেন, আদিনা, পাণ্ডুয়া, গৌড় ঢেলে সাজাতে ধাপে ধাপে পরিকল্পনা নেওয়া হবে। বিষয়গুলি জেলা প্রশাসনের নজরে রয়েছে। পুরাতন মালদহের জয়েন্ট বিডিও পৃথ্বীশ চট্টোপাধ্যায়ের মন্তব্য, পর্যটন দপ্তর অনেক কাজ করে। জেলা থেকে যদি আমাদের বলা হয়, অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ