Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মিড-ডে মিলের সামগ্রী কেনার টাকা পায়নি কোনও স্কুল, তৃণমূল বিধায়কের পোস্ট ভাইরাল  

মিড-ডে মিলের সামগ্রী কেনার টাকা পায়নি কোনও স্কুল, তৃণমূল বিধায়কের পোস্ট ভাইরাল  
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: পিএম পোষণ(মিড ডে মিল) দপ্তর থেকে সরঞ্জাম কেনার জন্য পুরুলিয়া জেলায় অর্থ বরাদ্দ করা হয়েছে। সেপ্টেম্বর মাসে সেই টাকা জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সেই টাকা সরাসরি অনুমোদিত স্কুলগুলিকে দেওয়ার জন্য ২০টি ব্লক ও দুটি পুরসভায় পাঠিয়ে দিয়েছে। সেপ্টেম্বর মাসে টাকা ঢুকলেও রঘুনাথপুর-২ ব্লকের কোনও স্কুল এখনও পর্যন্ত সেই টাকা পায়নি বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে জেলা তৃণমূল সম্পাদক স্বপন মাহাথা সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। তা নিয়ে এলাকায় শোরগোল পড়েছে। অবশ্য রঘুনাথপুর-২ ব্লকের বিডিও পঙ্কজ দাস বলেন, ব্লক এলাকার স্কুলগুলিকে সরঞ্জাম কিনে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, পুরুলিয়া জেলায় সরঞ্জাম কেনার জন্য মোট ৩ কোটি ৬৫ লক্ষ ৭৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। শুধুমাত্র যেসব স্কুলের সরঞ্জামের প্রয়োজন তাদের জন্যই সর্বোচ্চ ২৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। রঘুনাথপুর-২ ব্লকের ১৪৫টি স্কুলের জন্য মোট ২০ লক্ষ ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।
Advertisement
স্বপনবাবু বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত বিষয়ে রাজ্যের উন্নয়নের জন্য রাত দিন এক করে কাজ করে চলেছেন। তাই জেলার স্কুলগুলির ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাওয়ার জন্য সরঞ্জাম কেনার টাকা বরাদ্দ করেছেন। প্রায় তিন মাস আগে জেলা থেকে ব্লক প্রশাসনকে ওই টাকা দিয়ে দেওয়া হয়েছে। অথচ রঘুনাথপুর-২ ব্লকের কোনও স্কুলকে সরঞ্জাম কেনার টাকা দেওয়া হয়নি। সাঁতুড়ি ব্লকের কয়েকজন শিক্ষক বলেন, সরঞ্জাম কেনার জন্য আমাদের স্কুলে অ্যাকাউন্টে সরাসরি টাকা দিয়ে দেওয়া হয়েছে। আমরা সরঞ্জাম কিনে রসিদ ব্লক প্রশাসনের কাছে জমা করে দিয়েছি। পাড়ার বিজেপি বিধায়ক নদীয়ার চাঁদ বাউরি বলেন, ঠিকাদারদের কাছ থেকে টাকা নেওয়ার জন্যই মিড ডে মিলের সরঞ্জাম কেনার জন্য টেন্ডার ডাকার পরিকল্পনা চলছে।
সম্পর্কিত সংবাদ