হায়দরাবাদ: ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেকে অনগ্রসর শ্রেণির বলে পরিচয় দেন। কিন্তু, এটা সত্যি নয়। তিনি আসলে উচ্চ বর্ণের। তিনি আইনিভাবে অনগ্রসর শ্রেণিতে অন্তর্ভুক্ত হয়েছিলেন। তাই নিজেকে ‘ব্যকওয়ার্ড ক্লাস’ বললেও তাঁর মানসিকতা দলিত বিরোধী।’ শুক্রবার কংগ্রেসের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে তুমুল রাজনৈতিক তরজা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের মতে, রাজ্যের প্রশাসনিক প্রধান পদে থাকা কোনও ব্যক্তি প্রধানমন্ত্রীর ‘জাত’ তুলে কথা বলছেন, এধরনের কথা মেনে নেওয়া যায় না। এই ইস্যুতে রেবন্তকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা ডি কিষান রেড্ডি। মুখ্যমন্ত্রীর মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে প্রকাশ্য সভায় এই ইস্যুতে বিতর্কের আহ্বান জানিয়েছেন তিনি। তেলেঙ্গানার বিজেপি সভাপতি বলেন, গোটা দেশের মতো রাজ্যের মানুষের সমর্থন হারাচ্ছে কংগ্রেস। তার জেরে অধৈর্য হয়ে পড়ছেন মুখ্যমন্ত্রী। সেকারণেই এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য।
Advertisement
মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন আর এক কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমারও। বলেন, ‘কংগ্রেস সরকার অনগ্রসর শ্রেণির জন্য ৪২ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছিল। সেদিক থেকে নজর ঘোরাতেই প্রধানমন্ত্রীর জাত নিয়ে কৌশলে বিতর্ক তৈরির চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী।’ এরপরই রাহুল গান্ধীকে টেনে রেবন্তকে তাঁর প্রশ্ন, ‘রাহুল কোন জাতের, জানেন? তাঁর ধর্মই বা কি?’



