Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মিড ডে মিলের খিচুড়িতে টিকটিকি, উত্তাল খাতড়া

মিড ডে মিলের খিচুড়িতে টিকটিকি, উত্তাল খাতড়া
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বৃহস্পতিবার খাতড়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলের খিচুড়িতে টিকটিকি পড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এদিন খাতড়ার চকবাজার এলাকার ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না হওয়া খিচুড়ি বিলি করা হচ্ছিল। ওইসময় এক মহিলা থালার খিচুড়ির মধ্যে মরা টিকটিকি দেখতে পান। তিনি বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট আইসিডিএস কেন্দ্রের কর্মী ও সহায়িকাকে জানান। তখন সকলকে ওই খিচুড়ি খেতে নিষেধ করা হয়। কিন্তু, বিষয়টি জানাজানি হওয়ার আগেই অনেকে ওই খিচুড়ি খেয়েছে বলে অভিভাবকরা জানান। ফলে স্থানীয়দের একাংশ ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকার উদাসীনতার জন্যই খিচুড়িতে টিকটিকি পড়েছিল। ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে খাতড়া থানার পুলিস এলাকায় যায়। খবর পেয়ে বিডিও অফিসের লোকজনও ঘটনাস্থলে পৌঁছয়। এরপর পুলিস ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। খাতড়া মহকুমা প্রশাসনের এক আধিকারিক বলেন, এই খিচুড়ি খেয়েছে এমন শিশুদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে। কোনও সমস্যা হলেই দ্রুত হাসপাতালে ভর্তি করার জন্য অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত কারও কোনও সমস্যা হয়নি। ঘটনা খতিয়ে দেখেছি। উদাসীনতা বা গাফিলতির প্রমাণ পেলে কঠোর পদক্ষেপ করা হবে। কেশরী সাইনি, স্বরূপ কর্মকার বলেন, এর আগে খিচুরিতে আরশোলা পাওয়া গিয়েছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ