সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: খবরের জেরে স্কুলে শুরু হল মিড ডে মিল রান্না। হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের তুলসীহাটা সার্কেলের কাহাট্টা প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার পর থেকে শিক্ষকদের অনিয়ম ও ১১ দিন রান্না বন্ধ রাখার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিভাবকরা। সেই খবর বৃহস্পতিবার ‘বর্তমান’ পত্রিকায় প্রকাশিত হতেই নড়েচড়ে বসে ব্লক প্রশাসন ও স্কুল শিক্ষকরা। এদিন পড়ুয়াদের জন্য মিড ডে মিল রান্নার ব্যবস্থা করেন প্রধান শিক্ষক সহ তিনজন সহকারী। অভিভাবক মীনাক্ষী মণ্ডল বলেন, এদিন চারজন শিক্ষক ঠিক সময়ে স্কুল এসেছিলেন। মিড ডে মিল রান্না হয়েছে। এরপর থেকে ব্লক প্রশাসনকে নজর দেওয়ার জন্য অনুরোধ করব।



