Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মিড ডে মিলে অনিয়ম, স্কুলে ঢুকতে অভিযুক্ত প্রধান শিক্ষিকাকে বাধা

মিড ডে মিলে অনিয়ম, স্কুলে ঢুকতে অভিযুক্ত প্রধান শিক্ষিকাকে বাধা
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: মিড ডে মিলের অনিয়মে অভিযুক্ত শহিদ মাতঙ্গিনীর ডুমরা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা বিদ্যালয়ে ঢুকতে পারছেন না। স্কুল গেটে প্ল্যাকার্ড ঝুলিয়ে পাহারায় থাকছেন অভিভাবকরা। তাঁরা কোনও অবস্থায় অনিয়মে অভিযুক্ত প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকতে দিতে রাজি নন। অগত্যা রাখি কাপড়ী মণ্ডল নামে ওই প্রধান শিক্ষিকা এক সপ্তাহ ছুটিতে রয়েছেন। আগামী সপ্তাহে ভিলেজ এডুকেশন কমিটির সভাপতি তথা তৃণমূল নেতা অর্ধেন্দু মাইতি স্কুলের সব শিক্ষক শিক্ষিকাকে নিয়ে বৈঠক করবেন। সেখানে সমাধান সূত্র বেরয় কি না, সেদিকে তাকিয়ে রয়েছেন প্রধান শিক্ষিকা।
Advertisement
বৃহস্পতিবার দুপুরে ডুমরা প্রাইমারি স্কুলে গিয়ে দেখা যায়, গেটের কাছেই বাঁশের মাচায় বসে রয়েছেন ৭৭বছর বয়সি বিশ্বনাথ ঘোড়ই, ফণীভূষণ জানা, অভিভাবক রামতনু ঘোড়ই, পরিতোষ ঘড়া প্রমুখ। স্কুলের গেটে লাল কালিতে লেখা পোস্টার ঝুলছে। তাতে প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকতে না দেওয়ার স্লোগান। পরিতোষবাবু, রামতনুবাবু বলেন, গতবছর অক্টোবর মাসে প্রধান শিক্ষিকা স্কুলে যোগদান করেন। তারপর থেকেই মিড ডে মিলের মান খারাপ বলে বাচ্চারা বাড়িতে গিয়ে জানায়। সেই জন্য অনেকেই স্কুলে খেত না। স্কুলে না আসা পড়ুয়াকে উপস্থিত দেখিয়ে মিড-ডে মিল সেকশনে মেসেজ পাঠানোর ঘটনা আমাদের জানা ছিল না। গোটা বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত ওয়ার পর এখানকার সকলেই ক্ষিপ্ত। প্রধান শিক্ষিকা অন্যান্য শিক্ষক শিক্ষিকার সঙ্গেও ভালো ব্যবহার করেন না। যে কারণে একজন শিক্ষিকা এখান থেকে চলে গিয়েছেন। স্কুলে শিক্ষিকাদের অভ্যন্তরীণ বিবাদ মেটাতে অবর বিদ্যালয় পরিদর্শককে মিটিংয়ে বসতে হয়েছে। তারপরও প্রধান শিক্ষিকা নিজেকে সংশোধন করেননি। মিড-ডে মিলে অনিয়মের ঘটনার আমরা হেস্তনেস্ত চাইছি। নিজেকে নির্দোষ প্রমাণ না করা পর্যন্ত প্রধান শিক্ষিকাকে এখানে ঢুকতে দেওয়া হবে না। তাঁর পক্ষে যেই দাঁড়াক না কেন আমাদের আন্দোলন চলবে।এনিয়ে প্রধান শিক্ষিকাকে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি। তমলুক গ্রামীণ চক্রের এসআই অরুণাভ হাজরা বলেন, মঙ্গলবার প্রধান শিক্ষিকা স্কুলে ঢুকতে গিয়ে বাধা পান। তারপর তিনি স্কুলে যাচ্ছেন না। এক সপ্তাহ ছুটি নিয়েছেন। ভিলেজ এডুকেশন কমিটির সভাপতি আগামী সপ্তাহে একটি মিটিং ডেকেছেন। সেখানে কী সিদ্ধান্ত হয় দেখা যাক।উল্লেখ্য, ডুমরা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা অনুপস্থিত পড়ুয়াদের উপস্থিত দেখিয়ে মিড-ডে মিলের অর্থ নয়ছয় করেন বলে অভিযোগ। গত ৫নভেম্বর অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) নেহা বন্দ্যোপাধ্যায়ের কাছে এনিয়ে তথ্যসমেত লিখিত অভিযোগ জমা পড়ে। ৬তারিখ পিএম পোষণের ডিস্ট্রিক্ট অফিসার ওই স্কুল পরিদর্শনে যান। সেখানে অন্যান্য শিক্ষক-শিক্ষিকারাও অনুপস্থিত পড়ুয়াদের উপস্থিত দেখিয়ে রিপোর্ট দেওয়ার কথা জানান। তারপরই নড়েচড়ে বসে প্রশাসন। ওই প্রধান শিক্ষিকাকে ডিএম অফিসে তলব করে গোটা ঘটনার রিপোর্ট চাওয়া হয়।
সম্পর্কিত সংবাদ