ম্যাকলারেনের জোড়া অ্যাসিস্ট, চার্চিলকে হারাল মোহন বাগান, ডার্বির আগে শীর্ষস্থানে পানোস ব্রিগেড
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চার্চিল ব্রাদার্স-১   :   মোহন বাগান-২

Advertisement

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেফারির শেষ বাঁশি বাজতেই স্বস্তির নিশ্বাস পানাজিওটিস ডিম্পেরিসের! ফাতোরদা স্টেডিয়ামে মোহন বাগান ২-১ ব্যবধানে জিতলেও শেষ ১০ মিনিট শুভাশিসদের নাভিশ্বাস তুলে দিয়েছিল চার্চিল ব্রাদার্স। তবে তিন পয়েন্টই আসল কথা। টানা পাঁচ জয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করে ডার্বির আগে চনমনে সবুজ-মেরুন ব্রিগেড। ৬ ম্যাচে মোহন বাগানের সংগ্রহ ১৫ পয়েন্ট।
চার্চিল ব্রাদার্স প্রথমবার আইএসএলে খেললেও লড়তে জানে। এদিনও দিমিত্রিস দিমিত্রিউয়ের ছেলেদের মন্ত্র ছিল, ‘বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী।’ তবে পানোসের দলে অনেক ম্যাচ উইনার। আধা ফিট ম্যাকলারেনই গড়ে দিলেন আসল ফারাক। গোল না পেলেও দু’টি অ্যাসিস্টই অজি স্ট্রাইকারের। তাঁর পাস থেকেই স্কোরশিটে নাম তোলেন ছাংতে ও অনিরুদ্ধ থাপা। ডার্বিতে ইস্ট বেঙ্গলকে বিপদে ফেলতে পারেন ম্যাকা।
আলবার্তোর তিনটি হলুদ কার্ড। বড়ো ম্যাচের কথা মাথায় রেখে রবিবার অল-ইন্ডিয়া ডিফেন্সে দল সাজিয়েছিলেন মোহন বাগান কোচ পানোস। সেন্টার ব্যাকে রাহুল ভেকের সঙ্গে মেহতাব সিং। আক্রমণভাগে সিঙ্গল স্ট্রাইকার ম্যাকলারেন। দুই উইংয়ে লিস্টন ও ছাংতে। শুরুতে মোহন বাগানেরই আধিপত্য ছিল। চতুর্থ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন ড্রাজিচ। তবে ২০ মিনিটে দুরন্ত পাসিং ফুটবলে কাঙ্ক্ষিত গোল তুলে নেয় পানোস ব্রিগেড। বাঁ দিকে লিস্টনের সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে শুভাশিস বল বাড়ান ড্রাজিচকে। সার্বিয়ান তারকার পাস ধরে ম্যাকলারেনের ডিফেন্স চেরা থ্রু খুঁজে নেয় ডানদিক দিয়ে ওঠা ছাংতেকে। লক্ষ্যভেদে ভুল হয়নি মিজো উইঙ্গারের (১-০)। পিছিয়ে পড়তেই প্ল্যান বি’র পথে হাঁটেন চার্চিল কোচ দিমিত্রিস। মিতাই ও রাশিদকে তুলে নিয়ে স্টেন্ডলি ও সেবাস্তিয়ান নামান তিনি। এর পরেই তাদের আক্রমণে ঝাঁঝ বাড়ে। এই পর্বে মোহন বাগানকে রীতিমতো চেপে ধরেছিল হোম টিম। ভিন্সি ব্যারেটোর দৌড় নাভিশ্বাস তোলে টেকচাম, মেহতাবের। বিশাল কাইথ দুরন্ত কয়েকটি সেভ না করলে দুঃখ ছিল মোহন বাগানের কপালে। পাশাপাশি হাড্ডাহাড্ডি ম্যাচে দু’দলের ফুটবলাররা একাধিকবার ঝামেলায় জড়ালেন।
দ্বিতীয়ার্ধে মোহন বাগানের কোচও ঝুলি থেকে বের করলেন প্ল্যান বি। ছাংতে ও লিস্টনকে তুলে মনবীর-অনিরুদ্ধকে মাঠে নামান পানোস। এই চাল সুপারহিট। ৬২ মিনিটে মোহন বাগানের দ্বিতীয় গোলে এই দুই সুপার-সাবই অবদান রাখলেন। মনবীরের থ্রু ধরে ম্যাকলারেনের ঠিকানা লেখা পাস থেকে জাল কাঁপান অনিরুদ্ধ থাপা (২-০)। তবে নাটক তখনও বাকি ছিল। ৮৫ মিনিটে ভিন্সিকে বক্সের মধ্যে মনবীর ফাউল করলে পেনাল্টি পায় চার্চিল। পানেনকা শটে জাল কাঁপান সেবাস্তিয়ান (২-১)। শেষ ১০ মিনিট রক্তের স্বাদ পাওয়া বাঘের মতো বাগান বক্সে অহরহ আক্রমণ চালাল হোম টিম। অবস্থা বেগতিক বুঝে আলবার্তোকে নামিয়ে রক্ষণ জমাট করেন গ্রিক কোচ। বরাত জোরে স্কোর লাইনের আর পরিবর্তন ঘটেনি।
মোহন বাগান: বিশাল, অভিষেক, মেহতাব, রাহুল, শুভাশিস, আপুইয়া, জেলকোভিচ (আলবার্তো), ড্রাজিচ (কিয়ান), লিস্টন (অনিরুদ্ধ), ছাংতে (মনবীর) ও ম্যাকলারেন (আরউইন)।