সংবাদদাতা, পুরাতন মালদহ: শুক্রবার সকালে পুরাতন মালদহে মুচিয়ার আম বাগান থেকে এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম লক্ষণ রায় (৬০)। তাঁর বাড়ি মহাদেবপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই প্রৌঢ় গ্রাম ঘুরে হকারের কাজ করতেন। বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়ে তিনি আর ফেরেননি। এদিন আম বাগানে ফাঁস লাগানো অবস্থায় স্থানীয়রা তাকে ঝুলতে দেখে। এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিস মৃতদেহ উদ্ধার করে। মৃতের ছেলে গোবিন্দ রায় বলেন, বাবা কী কারণে এমন করল, বুঝতে পারছি না। মালদহ থানার পুলিস জানিয়েছে, দেহ উদ্ধার করে ময়নতদন্তে পাঠানো হয়েছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।



