স্কুলে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছিল। পাশাপাশি চলছিল শারীরিক নির্যাতনও। তারই প্রতিবাদে রাতভর মিছিল করল ওড়িশার শতাধিক আদিবাসী পড়ুয়া। জানা গিয়েছে, সংখ্যালঘু ও অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তর পরিচালিত বাসিপিঠা সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণির পড়ুয়ারা এই মিছিল করে। প্রায় ২০ কিলোমিটার দূরে বারিপদা শহরে পৌঁছে জেলাশাসকের সঙ্গে দেখা করে পড়ুয়ারা। ডিস্ট্রিক্ট কালেক্টর হেমা কান্ত পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। তিনি জানিয়েছেন, পড়ুয়াদের অভিযোগ খতিয়ে দেখা হবে। পরে পড়ুয়াদের ফেরার জন্য বাসের ব্যবস্থা করা হয় প্রশাসনের তরফে।



