Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাছ ছাড়তে এসে করলার দূষণ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ডিএফও

মাছ ছাড়তে এসে করলার দূষণ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ডিএফও
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মাছ ছাড়তে এসে করলা নদীর দূষণ নিয়ে উষ্মা প্রকাশ করলেন জলপাইগুড়ির ডিএফও (টেরিটোরিয়াল) বিকাশ ভি। রবিবার শহরের একটি প্রকৃতিপ্রেমী সংস্থার পক্ষ থেকে করলা নদীতে দেশি মাছ ছাড়ার কর্মসূচি নেওয়া হয়। তাতেই যোগ দিতে এসে জলপাইগুড়ি শহরের উপর দিয়ে বয়ে যাওয়া এই নদীর হাল দেখে রীতিমতো আক্ষেপ প্রকাশ করেন ডিএফও। তিনি বলেন, নদীতে থার্মোকলের বাক্স, পলিথিন ক্যারিব্যাগ ভাসছে। বিভিন্ন জায়গায় বর্জ্যের স্তূপ হয়ে রয়েছে। এই পরিবেশে নদীতে মাছ বাঁচবে কী করে। নদীর হাল ফেরাতে পুরসভাকে এগিয়ে আসা উচিত। পাশাপাশি বিভিন্ন সংগঠনকেও এগিয়ে আসতে হবে। কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদেরও এক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে। নদীতে দূষণ বন্ধ না করা গেলে পরিবেশের মারাত্মক ক্ষতি হবে।
Advertisement
এনিয়ে জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল বলেন, পুরসভা সামর্থ্য অনুযায়ী সারা বছরই করলা নদী পরিষ্কার রাখার চেষ্টা করে। বর্ষার আগেই আমরা কচুরিপানা সাফাই করেছি। পুজোর বিসর্জনের পরও নদী থেকে পুজোর উপাচার থেকে প্রতিমার কাঠামো তোলা হয়েছে। সেচদপ্তরকেও এগিয়ে আসতে হবে। সেচদপ্তরের তরফে জানানো হয়েছে, করলা সংস্কারের জন্য রাজ্য সরকারের কাছে প্রকল্প জমা দেওয়া হয়েছে। অর্থ বরাদ্দ হলেই কাজ হবে।  করলা নদীতে মাছ ছাড়া হচ্ছে।-নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ