নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার রাসমেলায় প্রতিবছর মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেটের সমস্যা হয়। সেদিকে লক্ষ্য রেখে এবার আগে থেকেই ব্যবস্থা নিয়েছে কোচবিহার পুরসভা। এবার মেলার মাঠের পাশে সার্কাস ময়দানের কাছে একটি বেসরকারি মোবাইল কোম্পানির সঙ্গে কথা বলে শুধুমাত্র রাসমেলার জন্য আলাদা একটি টাওয়ার বসানো হয়েছে। ফলে রাসমেলায় এবার আর মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেটের কোনও সমস্যা নেই। রবিবার রাসমেলা ময়দানে মঞ্চের পাশে চেয়ারম্যান অ্যান্ড প্রেস কর্নারের উদ্বোধন করেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, রাসমেলায় মোবাইল নেটওয়ার্কের সমস্যার কথা মাথায় রেখে এবার আগে থেকেই টাওয়ার বসানোর ব্যবস্থা করা হয়েছে।



