সংবাদদাতা, বর্ধমান: মোবাইল হারানোর পর ব্যাঙ্কের এক গ্রাহকের দু’টি অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে ২ লক্ষ ২৮ হাজার টাকা। হারিয়ে যাওয়া মোবাইল থেকে অ্যাকাউন্টের তথ্য জেনে নিয়ে প্রতারকরা টাকা গায়েব করেছে বলে তাঁর অনুমান। বিষয়টি তিনি এনসিআরপি পোর্টালে নথিভুক্ত করিয়েছেন। পরে ঘটনার কথা জানিয়ে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিস। থানার এক অফিসার বলেন, কেস রুজু হয়েছে। ঘটনার কিনারায় সাইবার থানার সাহায্য নেওয়া হবে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, বর্ধমান শহরের উত্তর ফটক এলাকায় ওই ব্যক্তির বাড়ি। তাঁর একটি বেসরকারি ব্যাঙ্কে দু’টি অ্যাকাউন্ট রয়েছে। কিছুদিন আগে শহরের গোলাপবাগ মোড় থেকে তাঁর মোবাইলটি খোয়া যায়। তার দু’দিনের মধ্যে তাঁর দু’টি অ্যাকাউন্ট থেকে মোট ২ লক্ষ ২৮ হাজার ৩০০ টাকা তুলে নেওয়া হয়েছে। ব্যাঙ্ক থেকে স্টেটমেন্ট সংগ্রহ করার পর টাকা তুলে নেওয়ার বিষয়টি তিনি জানতে পারেন। এরপরই তিনি এনসিআরপি পোর্টালে অভিযোগ দায়ের করেন। পরে তিনি বিষয়টি বর্ধমান থানায় জানান।



