সংবাদদাতা, কালনা: ছোট ভাইয়ের সঙ্গে মোবাইল দেখা নিয়ে অশান্তি। তাতেই অভিমানে আত্মঘাতী হল নবম শ্রেণির এক স্কুলছাত্রী। মৃতার নাম নন্দিনী বিশ্বাস(১৫)। বাড়ি পূর্বস্থলী থানার ছাতনি এলাকায়। বুধবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলী থানার ছাতনি গ্রামের বাসিন্দা নন্দিনীর সঙ্গে মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ছোট ভাইয়ের মোবাইল দেখা নিয়ে অশান্তি হয়। পরিবারের লোকেরা তাকে ভাই ছোট, তাই একটু মানিয়ে নিতে বলে। তারপর নন্দিনী অভিমানে ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়। মৃতার বাবা নিখিল বিশ্বাস বলেন, ওই দিন সকালে দুই ভাইবোনে মোবাইল দেখা নিয়ে অশান্তি করে। তারপর বেলা ১০টা নাগাদ মেয়ে দাদুর ঘর থেকে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পরেই ওকে ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখি। মেয়ে যে এমন করবে, আমরা তা ভাবতেই পারিনি।



