সংবাদদাতা, রামপুরহাট: মোবাইলে রিচার্জ করা নিয়ে স্বামীর সঙ্গে কথা কাটাকাটির জেরে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করলেন এক গৃহবধূ। পুলিস জানিয়েছে, মৃতার নাম গুড়িয়া সিং(৩১)। বাড়ি ঝাড়খণ্ডের মহেশপুরের উত্তরপাড়ায়। রবিবার গভীর রাতে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিক্যালে এনে ভর্তি করা হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গুডিয়ার মোবাইলে রিচার্জ শেষ হয়ে গিয়েছিল। স্বামীকে বলার পরও রিচার্জ করে দেননি। রাতে স্বামী ফিরতেই এনিয়ে কথা কাটাকাটি হয়। পরে স্বামী বাড়ির দোতলায় চলে যান। রাত ১০টা বেজে গেলেও খেতে না ডাকায় স্বামী নীচের ঘরে এসে গলায় ওড়না জড়িয়ে গুড়িয়াকে ঝুলন্ত অবস্থায় দেখেন। যদিও এঘটনায় এখনও পর্যন্ত থানায় লিখিত কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিস অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে।



